১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রেন্টফোর্ডেই যোগ দিলেন হেন্ডারসন

প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ইংলিশ অভিজ্ঞ মিডফিল্ডার।

ব্রেন্টফোর্ডেই যোগ দিলেন হেন্ডারসন
জর্ডান হেন্ডারসন। ছবি: ব্রেন্টফোর্ড এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 03:47 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

আয়াক্স ছেড়ে জর্ডান হেন্ডারসনের ব্রেন্টফোর্ড যাওয়া একরকম নিশ্চিতই ছিল। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। দুই বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিলেন ইংলিশ অভিজ্ঞ মিডফিল্ডার।

৩৫ বছর বয়সী হেন্ডারসনকে দলে টানার কথা মঙ্গলবার জানায় ব্রেন্টফোর্ড। এরই মধ্যে দিয়ে দুই বছর না যেতেই আবারও ইংলিশ ফুটবলে ফিরলেন দীর্ঘ এক যুগ লিভারপুলে কাটানো এই ফুটবলার।

লিভারপুলের হয়ে একটি করে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগসহ অনেকগুলো শিরোপা জিতে, ২০২৩ সালের জুলাইয়ের শেষ দিকে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিফাকে যোগ দেন হেন্ডারসন। তখন তার ইউরোপিয়ান ফুটবল অধ্যায় শেষ বলে ধরে নিয়েছিলেন অনেকেই।

কিন্তু আল ইত্তিফাকে সময়টা ভালো কাটেনি হেন্ডারসনের। ছয় মাস পরই সৌদি ফুটবলের পাঠ চুকিয়ে ফেলেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে যোগ দেন ডাচ ক্লাব আয়াক্সে। তবে ‘পারস্পরিক সমঝোতায়’ এক বছর আগেই সেই চুক্তি শেষ করে দেয় দুই পক্ষ।

তখন থেকেই হেন্ডারসনের ব্রেন্টফোর্ডে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। ফ্রি ট্রান্সফারে নতুন ঠিকানায় পাড়ি জমালেন তিনি।

প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে থাকার পর, গত মার্চের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হেন্ডারসনকে দলে ডাকেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। আর এখন প্রিমিয়ার লিগে খেলে কোচের আগামী বিশ্বকাপ দলের ভাবনায় ভালোভাবে থাকতে পারবেন তিনি।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলেছেন হেন্ডারসন। তবে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে ছিলেন না তিনি।

গত মৌসুমে দশম হয়ে প্রিমিয়ার লিগ শেষ করেছিলে ব্রেন্টফোর্ড।