Published : 05 Apr 2026, 01:01 PM
তিন বছরের চুক্তিতে সাও পাউলোতে ফেরার পর দেড় বছরও হয়নি এখনও। শৈশবের আঙিনায় ফিরে দারুণ উচ্ছ্বসিতও ছিলেন অস্কার। কিন্তু শেষ পর্যন্ত সেই পথচলা থেমে গেল দ্রুতই। ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
মূলত শারীরিক সমস্যার কাছেই নতি স্বীকার করতে হলো অস্কারকে। গত নভেম্বরে হৃদরোগজনিত জটিলতার কারণে পাঁচ দিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। সেখানে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পর তার ‘ভ্যাসোভ্যাগাল সিনকোপ’ রোগটি নিশ্চিত হয়, যা হৃৎস্পন্দন ও রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার কারণে সৃষ্ট এক ধরনের সাধারণ মূর্ছা যাওয়ার ঘটনা।
সেই অসুস্থতাই তাকে থাকতে দিল না মাঠে। সাও পাউলোর সঙ্গে তার চুক্তিও এখন বাতিল হয়ে গেল।
বিদায় বেলায় অনেক আক্ষেপের পাশাপাশি প্রিয় ক্লাব থেকে শেষ করতে পারার সন্তুষ্টির কথাও বললেন তিনি।
“সাও পাউলোর জন্য আরও কিছু করতে চেয়েছিলাম, আরও খেলতে চেয়েছিলাম। আমার মনে হয়, আরও খেলার মতো ফুটবলীয় দক্ষতা এবং বয়স দুটোই আমার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এমনটা ঘটল।।”
“এখন আমি অবসর নিচ্ছি এবং সাও পাউলোকে সমর্থন করে যাব, একজন ভক্ত হিসেবে রয়ে যাব আজীবন। আমার ক্যারিয়ার শেষ করছি এখানেই, এই সাও পাউলোতে, যে ক্যারিয়ার আমাকে বিশ্বের অনেক জায়গায় নিয়ে গেছে।”
১৩ বছর বয়সে সাও পাউলোর একাডেমিতে পা রেখেছিলেন অস্কার। ১৭ বছর বয়সে এই ক্লাবের হয়েই অভিষেক পেশাদার ফুটবলে। বেড়ে ওঠার সময়টায় দারুণ সম্ভাবনাময় মনে করা হয়েছে তাকে। ২০১১ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের পথে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেন আসরের ফাইনালে।
২০১৩ কনফেডারেশন্স কাপে চ্যাম্পিয়ন ও ২০১৪ বিশ্বকাপে চতুর্থ হওয়া ব্রাজিল স্কোয়াডে তিনি ছিলেন। প্রতিভা ও খেলার ধরনের কারণে একসময় তাকে বলা হয়েছে ব্রাজিলের ‘নতুন কাকা।’ কিন্তু পরে আর সেই সম্ভাবনাকে ততটা পূর্ণতা তিনি দিতে পারেননি।
সাও পাউলোতে বছর দুয়েক খেলার পর ব্রাজিলেরই ইন্তেরনাসিওনালে নাম লেখান তিনি। সেখানে দুই বছর খেলে পাড়ি ৫ বছরের চুক্তিতে পাড়ি জমান চেলসিতে। এই ক্লাবে তিনি জেতেন দুটি প্রিমিয়ার লিগ, একটি করে লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা।
চেলসি অধ্যায় শেষে ২০১৭ সালে নাম লেখান চীনের ক্লাব সাংহাই পোর্টে। সেখানে ৭ বছর খেলে গত ডিসেম্বরে যোগ দিয়েছিলেন সাও পাউলোতে। কিন্তু শেষটা তার ভালো হলো না।
ব্রাজিলর জার্সিতে তাকে শেষবার দেখা গেছে ২০১৫ সালে।