আর্সেনালে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ‘সহজ ছিল’ ইয়োকেরেশের
মিকেল আর্তেতার দলে নাম লেখানোর আগে অন্যান্য ক্লাবের প্রস্তাব ফিরিয়েছেন এই গোলমেশিন।
প্রস্তাব ছিল কয়েকটি ক্লাব থেকে। তবে ভিক্তর ইয়োকেরেশ বেছে নেন আর্সেনালকে। এমিরেটস স্টেডিয়ামের ক্লাবটিতে নাম লেখানোর সিদ্ধান্তটা কঠিন ছিল না, বললেন সুইডেনের এই স্ট্রাইকার।
বেশ কিছুদিনের চেষ্টার পর গত শনিবার ‘গোলমেশিন’ ইয়োকেরেশকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় আর্সেনাল। স্পোর্তিং সিপি থেকে পাঁচ বছরের চুক্তিতে তাকে পেতে একাধিক ক্লাবের সঙ্গে চ্যালেঞ্জে জিততে হয়েছে মিকেল আর্তেতার দলকে। ইএসপিএনের খবর, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেন্তুসেরও প্রবল আগ্রহ ছিল ২৭ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে।
ইংল্যান্ডে আগে আরও তিনটি ক্লাবের হয়ে খেলা ইয়োকেরেশ বুধবার বলেন, আর্সেনালে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে খুব একটা ভাবতে হয়নি তাকে।
“আমি মনে করি, সবসময় ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া যায়। অবশ্যই অন্যান্য ক্লাবও ছিল, তবে এবার আমার কাছে এটা (সিদ্ধান্ত নেওয়া) কঠিন বলে মনে হয়নি।”
“আমার মনে হয় না (ইংল্যান্ডে ফেরা) সবসময় আমার ভাবনায় ছিল। তবে যখন পর্তুগালে ছিলাম, তখন অবশ্যই একটা ভাবনা ছিল। কারণ এটা বিশ্বের সেরা লিগ। তাই অবশ্যই প্রিমিয়ার লিগে খেলার লক্ষ্য সবসময় ছিল। তাই যখন মনে হলো যে, এটাই সঠিক সময়, এখানে ফিরতে একটুও ভাবিনি।”
গত মৌসুমে স্পোর্তিংয়ের পর্তুগিজ লিগ ও কাপ জয়ে ইয়োকেরেশের ছিল বড় অবদান। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৫২ ম্যাচে ৫৪টি গোল করেছিলেন তিনি, ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে যা ছিল সর্বোচ্চ। সাড়া জাগিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করে।
পর্তুগিজ লিগে গত মৌসুমে তার গোল ছিল ৩৯টি। সব মিলিয়ে পর্তুগিজ লিগে স্পোর্তিংয়ের হয়ে তিনি ৬৬ গোল করেন ৬৮ ম্যাচ খেলেই।
স্পোর্তিংয়ের হয়ে সব মিলিয়ে দুই মৌসুমে ১০২ ম্যাচ খেলে তার গোল ৯৭টি, গোলে সহায়তা ২৮টি।
এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ। তাকে পেয়ে খুবই উচ্ছ্বসিত গত তিন মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়া আর্সেনাল শিবির।
