১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্সেনাল ম্যাচে অনিশ্চিত একিটিকে

লিভারপুল কোচ আর্না স্লট জানিয়েছেন, এখনও দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি ফরাসি ফরোয়ার্ড।

আর্সেনাল ম্যাচে অনিশ্চিত একিটিকে
উগো একিটিকে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 06:27 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ দল আর্সেনালের মুখোমুখি হবে শিরোপাধারী লিভারপুল। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হাইভোল্টেজ লড়াই।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একিটিকের বর্তমান অবস্থা জানান লিভারপুল কোচ আর্না স্লট।

“এখন পর্যন্ত সে আমাদের সঙ্গে অনুশীলন করেনি। আজকে করতে পারে কিনা, দেখা যাক। দুই-তিন দিন আগে, যখন আমরা ফুলহ্যামের বিপক্ষে খেলেছিলাম, আমি বলেছিলাম, তার ফিরতে বেশি সময় লাগবে না। কিন্তু এটা (তাকে পাওয়া) কঠিন, কারণ ম্যাচগুলো খুব দ্রুত চলে আসছে। হয়তো দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবে, নয়তো তার আরও বাড়তি এক-দুইদিন সময় লাগবে; এই দুটোর মাঝামাঝি অবস্থায় আছে সে।”

পায়ের পেশির চোটে ভুগছেন একিটিকে। যে কারণে ফুলহ্যামের বিপক্ষে ২-২ ড্র করা ম্যাচে খেলতে পারেননি ২৩ বছর বয়সী এই ফুটবলার।

গত জুনে আরেক জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দেন উগো একিটিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে মাঠে নেমে করেছেন ১১ গোল। অ্যানফিল্ডের ক্লাবটির হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ভালো অবস্থায় নেই লিভারপুল। ছন্দহীন পথচলায় ২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে তারা।

সমান ম্যাচ খেলে লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট বেশি নিয়ে সবার ওপরে মিকেল আর্তেতার আর্সেনাল (৪৮)। আর ৪২ পয়েন্ট নিয়ে দুই ও তিনে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা।