১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘এই মাঠে খেলতে বলা অন‍্যায়’ পোখারার মাঠ নিয়ে উষ্মা বাটলারের

ভুটানের জালে গোল উৎসবের পরও বাংলাদেশের প্রধান কোচ বললেন, মাঠের কন্ডিশন ভালো ফুটবল খেলার উপযুক্ত নয়।

‘এই মাঠে খেলতে বলা অন‍্যায়’ পোখারার মাঠ নিয়ে উষ্মা বাটলারের
জাতীয় সঙ্গী সঙ্গীতের সময় ডাগআউটে দাঁড়িয়ে বাংলাদেশের কোচ এবং বেঞ্চের খেলোয়াড়রা। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 02:18 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

ভিডিওতে যতটুকু দেখা যায়, মাঠে ঘাসের উপস্থিতি কম। কোথাও সবুজ, কোথাও ধুসর। ভুটানকে উড়িয়ে সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরুর পর প্রতিক্রিয়া জানাতে এসে মাঠ নিয়েই বেশি কথা বললেন পিটার জেমস বাটলার। বাংলাদেশের প্রধান কোচের মতে, মাঠের কন্ডিশন ভালো ফুটবল খেলার উপযুক্ত নয়।

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার মুনকি আক্তার, তৃষ্ণা রানী ও আলপি আক্তারের তিন হ্যাটট্রিকে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। 

বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলোকে বাটলার সবসময় তরুণদের উঠে আসার, বেড়ে ওঠার মঞ্চ হিসেবে দেখেন। নেপালে পৌঁছেও টুর্নামেন্ট শুরুর আগের সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন একই কথা। পোখারার মাঠ এই তরুণ খেলোয়াড়দের উন্নতির উপযোগী নয় বলে ক্ষোভ উগরে দিলেন তিনি।

“আমরা স্রেফ এখানে খেলতে আসিনি...এবং আমি আসলেই মনে করি, এই মাঠ ভালো ফুটবল খেলার উপযোগী নয়। আপনারা জানেন, এই মাঠে স্প্রে দেওয়া হয়েছে যেন সবুজ দেখায় এবং আমার মতে, যে দুটি দল তাদের খেলোয়াড়দের উন্নতির চেষ্টা করছে এবং ভালো ফুটবল খেলার পথে আছে, তাদের এই মাঠে খেলতে বলা অন্যায়। আমি কারো দিকে অভিযোগের আঙুল তুলছি না। শুধু বলতে চাইছি, এই মাঠ যথেষ্ট মানসম্পন্ন নয়।”

“সম্ভাব্য যত বেশি বদলি নামানোর চেষ্টা আমি করেছি। আমার মনে হয়, আমরা কিছুটা খেলতে পেরেছি। আমি বলব না, আমরা দারুণ এবং ভালো খেলেছি, কেননা, এই মাঠে আপনি ভালো ফুটবল খেলতে পারবেন না। তবে আমি মনে করি, আমরা কন্ডিশনের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি। মেয়েদের মানসিকতা, নিবেদন এবং দলবদ্ধ হয়ে খেলার মানসিকতায় আমি মুগ্ধ।”

স্কোরলাইন দেখাচ্ছে ম্যাচে বাংলাদেশের আধিপত্য। এ নিয়ে বলতে গিয়েও বাটলার টেনেছেন মাঠ নিয়ে তার হতাশা।

“মাঝেমাঝে আমার মনে হয়, ছোট ছোট প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকা উচিত। এই মাঠ দুই দলের জন্যই ছিল একই এবং আমি নিশ্চিত, তারাও (ভুটান) এটা নিয়ে খুশি নয়। কিন্তু স্কোরলাইনেই প্রতিফলিত হচ্ছে আমাদের আধিপত্য এবং ম্যাচটি ছিল একপেশে।”