ইংলিশ ফুটবল
Published : 15 Jan 2026, 03:43 PM
ম্যাচে দুই দফায় ভুল করে বসেন রবের্ত সানচেস। আর ওই দুইবারই চেলসির জালে বল পাঠিয়ে উল্লাসে মাতে আর্সেনাল। দলের গোলরক্ষকের গলদের দায় নিজের কাঁধে নিলেন লিয়াম রোসেনিয়ার। খেলোয়াড়দের দোষারোপ করার পক্ষে নন স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির নতুন কোচ।
ঘরের মাঠে বুধবার লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় চেলসি। প্রথম দুটি গোলই হজম করে তারা সানচেসের ভুলে।
সপ্তম মিনিটে ডেকলান রাইসের কর্নার কিক ঠিকমতো সামাল দিতে পারেননি চেলসির স্প্যানিশ গোলরক্ষক। পোস্ট ছেড়ে বেরিয়ে লাফিয়ে বল ফেরাতে চেয়েছিলেন তিনি। কিন্তু অল্পের জন্য পাননি বলের নাগাল। তার হাতের সামান্য ওপরে দিয়ে যাওয়া বল হেডে জালে পাঠান বেন হোয়াইট।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আরও বড় ভুল করেন সানচেস। ৪৯তম মিনিটে ডানদিক থেকে হোয়াইটের ক্রসে বল হাতেই পেয়েছিলেন তিনি। কিন্তু ধরে রাখতে পারেননি। বল পেয়ে অনায়াসে আর্সেনালকে দুই গোলে এগিয়ে নেন ভিক্তর ইয়োকেরেশ।
আট মিনিট পর একটি গোল শোধ করেন আলেহান্দ্রো গারনাচো। কিন্তু কিছুক্ষণ পর মার্তিন জুবিমেন্দি বল জালে পাঠালে ফের দুই গোলে পিছিয়ে পড়ে চেলসি। ৮৩তম মিনিটে আরেকটি গোল করে ম্যাচে উত্তেজনা ছড়ান গারনাচো। তবে শেষ পর্যন্ত সমতা টানা গোলটি আর করতে পারেনি তারা।
ম্যাচ শেষে সানচেসের পাশে দাঁড়ালেন গত ৬ জানুয়ারি চেলসির দায়িত্ব নেওয়া রোসেনিয়ার।
“আমি রবকে (সানচেস) এমন কিছু করতে বলছি, যা সে আগে করেনি। ম্যাচের আগে আমি তাকে বলেছিলাম এবং পরিষ্কার করেছিলাম, আমার খেলোয়াড়রা কোনো ভুল করলে, সেটা আমার দায়। ওই ভুলের দায়ভার আমার ওপর।”
“কোনো কিছু বোঝার ক্ষেত্রে সে আরও উন্নতি করবে। রবের সঙ্গে এটা আমার প্রথম ম্যাচ, কেবল দুইদিন তার সঙ্গে কাজ করতে পেরেছি। আমার কাজ তাদের সহায়তা করা, দোষারোপ করা নয়।”
লিগ কাপের শেষ চারের দ্বিতীয় লেগে আগামী ৩ ফেব্রুয়ারি আর্সেনালের মাঠে খেলবে চেলসি।
প্রিমিয়ার লিগে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলে অষ্টম স্থানে আছে চেলসি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৮ পয়েন্ট কম তাদের। লিগে চেলসির পরের ম্যাচ আগামী বুধবার, প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড।