১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইন্টারকে হারিয়ে দুইয়ে এসি মিলান

পেনাল্টি মিস করে সমর্থকদের হতাশ করেন ইন্টার মিলানের হাকান কালহানোগলু।

ইন্টারকে হারিয়ে দুইয়ে এসি মিলান
কাছ থেকে গোল করে ইন্টার মিলানকে এগিয়ে নেন ক্রিস্টিয়ান পুলিসিক (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 04:15 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

প্রথমার্ধের নিষ্প্রভ এসি মিলান বিরতির পর ভালো খেলল। ক্রিস্টিয়ান পুলিসিক দলকে এগিয়ে নেওয়ার পর দারুণ নৈপুণ্যে পেনাল্টি ঠেকিয়ে দিলেন মাইক মিয়াঁ। ইন্টার মিলানকে হারিয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠল তাদের নগরপ্রতিদ্বন্দ্বীরা।

সান সিরোয় রোববার রাতে সেরি আর ম্যাচটি ১-০ গোলে জিতেছে এসি মিলান।

পেনাল্টি মিস করে সমর্থকদের হতাশ করেন ইন্টারের হাকান কালহানোগলু।

এই জয়ে পাঁচ নম্বর থেকে দুইয়ে উঠেছে এসি মিলান। ১২ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচে চতুর্থ হারের তেতো স্বাদ পাওয়া ইন্টার এক ধাপ পিছিয়ে ২৪ পয়েন্ট নিয়ে চারে আছে।

এসি মিলানের সমান ২৫ পয়েন্ট নিয়ে তিনে নাপোলি। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রোমা।

প্রথমার্ধে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল ইন্টার। তবে এই সময়ে গোলের জন্য ১০টি শট নিয়ে কেবল ২টি লক্ষ্যে রাখতে পারে তারা। শুরুতে মার্কাস থুরামের হেড ও ৩৭তম মিনিটে লাউতারো মার্তিনেসের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মিয়াঁ।

প্রথমার্ধে এসি মিলানের ৪ শটের সবগুলোই ছিল লক্ষ্যভ্রষ্ট। সেই তারা বিরতি থেকে ফিরে চমক জাগিয়ে এগিয়ে যায় ৫৪তম মিনিটে। বক্সের বাইরে থেকে আলেক্সিসের নিচু শট গোলরক্ষক ইয়ান সমের ঝাঁপিয়ে ঠেকানোর পর কাছ থেকে জালে পাঠান পুলিসিক।

৭৪তম মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়া করেন কালহানোগলু। তার স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মিয়াঁ। বক্সে মার্কাস থুরাম ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল ইন্টার।

বাকি সময়ে আপ্রাণ চেষ্টা করে গেলেও হার এড়াতে পারেনি ইন্টার।