স্প্যানিশ ফুটবল
Published : 19 Dec 2025, 08:39 PM
বড়দিনের আগে বছরের শেষ ম্যাচ খেলার জন্য প্রস্তুত হচ্ছে বার্সেলোনা। ভিয়ারেয়ালের বিপক্ষে লা লিগার এই ম্যাচে পেদ্রির খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
আগামী রোববার ভিয়ারেয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি সামনে রেখে শুক্রবার অনুশীলন করেছে তারা। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সতীর্থদের সঙ্গে নয়, একা অনুশীলন করেছেন পেদ্রি।
কোপা দেল রের শেষ বত্রিশে গত মঙ্গলবার গুয়াদালাহারার মাঠে ২-০ গোলে জয়ের ম্যাচে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন না পেদ্রি। শেষ দিকে তাকে বদলি নামান কোচ হান্সি ফ্লিক।
ম্যাচের দুইদিন পর গণমাধ্যমে খবর আসে, পায়ের পেশির চোটে ভুগছেন পেদ্রি। যদিও চোট তেমন গুরুতর নয়, তবে স্প্যানিশ এই মিডফিল্ডারকে নিয়ে সতর্ক বার্সেলোনা।
মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে পেদ্রি অনিশ্চিত। তবে শনিবারের অনুশীলনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার দল।
১৭ ম্যাচে ১৪ জয় ও ১ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা, দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট বেশি।