২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রোনালদোর ‘ধর্মঘট’ শিয়েরারের কাছে উদ্ভট লাগছে

প্রতিদিন চার লাখ পাউন্ডের বেশি আয় করা একজন এভাবে ধর্মঘট করছেন, বিশ্বাস হচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার।

রোনালদোর ‘ধর্মঘট’ শিয়েরারের কাছে উদ্ভট লাগছে
আল নাস্‌র ও পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 07:36 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

দলবদলে আল নাস্‌র নিজেদের শক্তি না বাড়ানোর প্রতিবাদে ক্রিস্তিয়ানো রোনালদোর ‘ধর্মঘট’ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্য নিজের মত জানালেন অ্যালান শিয়েরার। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা বললেন, প্রতিদিন চার লাখ পাউন্ডের বেশি আয় করা একজনের এই ধরনের কাজ তার কাছে অদ্ভূত ঠেকছে।

ক্লাবের সাথে রোনালদোর টানাপোড়েনের সুত্রপাত মূলত জানুয়ারির দলবদলে আল নাস্‌রের নিস্ক্রিয়তা নিয়ে। প্রতিদ্বন্দ্বী দলগুলো যেখানে কাড়িকাড়ি অর্থ বিনিয়োগ করছে, সেখানে আল নাস্‌র বসে আছে হাত-পা গুটিয়ে। ক্লাবের সিদ্ধান্তে নাখোশ রোনালদো তাই আল রিয়াদের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলেননি। গণমাধ্যমে খবর, শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচেও খেলবেন না পর্তুগাল অধিনায়ক।

বেটফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার রোনালদোর বিতর্কিত এই কাণ্ডে বিস্ময় প্রকাশ করলেন।

“দিনে চার লাখ পাউন্ডের বেশি আয় করবে এবং ধর্মঘটও করবে, এমন খুব বেশি নেই। আমি কাজে আসব না, এত অর্থ পাওয়ার পরও এমনটা বলার জন্য নিশ্চয় তাকে খুব ভালো অবস্থায় থাকতে হবে। এমন কিছু ভাবলেই অদ্ভূত লাগে। সে একজন মহাতারকা, এই পর্যায়ে তার ধর্মঘটে যাওয়া ভালো দেখায় না।”

আল আল নাস্‌রের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা পিআইএফ আল হিলালের ৭৫ শতাংশ শেয়ারের মালিক। আল হিলাল যেখানে বেনজেমাকে কিনতে সক্ষম হয়েছে শীতকালীন দলবদলে, সেখানে আল নাস্‌র কর্তৃপক্ষ বিনিয়োগেই যেতে পারেনি। রোনালদো মূলত অখুশি এই পিআইএফকে নিয়ে।

ক্লাবের বিনিয়োগের নীতির বিষয়টি উল্লেখ করে সতর্ক করা হয়েছে রোনালদোকে। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা কেবল ক্লাব কর্তৃপক্ষের, কোনো খেলোয়াড়ের নয়। লিগ কর্তৃপক্ষের এক মুখপাত্র তুলে ধরেছেন তাদের নীতিমালাগুলো।

লিগ টেবিলে বর্তমানে চার দলের লড়াই চলছে। ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রোনালদোর দল।