১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফিরতে আগ্রহী বেনজেমা

প্রায় তিন বছর আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া ফরাসি স্ট্রাইকার আবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন।

বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফিরতে আগ্রহী বেনজেমা
ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচ খেলেছেন কারিম বেনজেমা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

কারিম বেনজেমা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন তিন বছর হতে চলল। তবে আবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন অভিজ্ঞ ফরাসি স্ট্রাইকার। বললেন, আগামী বছরের বিশ্বকাপে খেলার জন্য ফ্রান্স দলে ফিরতে উন্মুক্ত থাকবেন তিনি।

এই মাসে ৩৮ বছর পূর্ণ করতে যাওয়া বেনজেমা ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত ফ্রান্সের হয়ে খেলেছেন ৯৭ ম্যাচ। ক্যারিয়ারে কেবল একটি বিশ্বকাপে খেলতে পেরেছেন তিনি, ২০১৪ সালের ব্রাজিল আসরে। ২০১০ সালের বিশ্বকাপে তাকে উপেক্ষা করেছিলেন তখনকার কোচ খেমোঁ ডমিনেচ। ২০১৮ বিশ্বকাপের সময় তিনি জাতীয় দলের বাইরে ছিলেন সেক্সটেপ কাণ্ডে সতীর্থকে ব্ল্যাকমেইল করার অভিযোগে।

দীর্ঘ সাড়ে পাঁচ বছরের অপেক্ষা শেষে ২০২১ সালে জাতীয় দলে ফেরেন বেনজেমা। ২০২২ বিশ্বকাপে খেলতে তিনি দলের সঙ্গে পৌঁছে যান কাতারে। কিন্তু ঊরুর চোটে বিশ্বকাপ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকতে ছিটকে পড়েন তিনি, জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ফিরে যান ক্লাব রেয়াল মাদ্রিদে। পরে কোচ দিদিয়ে দেশমের সঙ্গে তার ‘দ্বন্দ্বের’ গুঞ্জনও ছড়িয়ে পড়ে।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের হারের পরদিন, নিজের ৩৫তম জন্মদিনে সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-এ শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরার দরজা খোলা রাখার কথা বলেন বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদের হয়ে খেলা বেনজেমা।

“আমি ফুটবল খেলোয়াড়। তাই ফুটবল খেলি। যখন তারা আমাকে দলে ডাকে, আমি আসি, আমি খেলি। আমার লক্ষ্য থাকে। আমি ফুটবল ভালোবাসি, জিততে ভালোবাসি, ট্রফি জিততে পছন্দ করি। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আমার ক্লাবে আছি। যদি আমাকে জাতীয় দলে ডাকা হয়, আমি খেলতে আসব।”

“এটা আর ফরাসি দলে ফিরতে না চাওয়ার গল্প নয়। তবে আমাদের নিজেদেরকে এই প্রশ্নটি করতে হবে: ফরাসি দলে আমি কী করতে এসেছি? আমরা বিশ্বকাপের কথা বলছি। এটা এমন বিষয় নয় যে, বলতে হবে: ‘না, আমি চাই না।’ কারণ ‘আমি বিশ্বকাপে খেলতে চাই না’ বলাটা হবে মিথ্যা।”