পিএসজির বিপক্ষে ‘অবিস্মরণীয়’ মুহূর্তের জন্য প্রস্তুত বায়ার্ন
প্রথম লেগের ব্যবধান ঘুচিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার আশায় বায়ার্ন মিউনিখ কোচ ভেসোঁ কম্পানি।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে একটি জয় দূরে বায়ার্ন মিউনিখ। পিএসজির বিপক্ষে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের কমতি নেই জার্মান ক্লাবটিতে। দলটির কোচ ভেসোঁ কম্পানি বললেন, ম্যাচটি স্মরণীয় করে রাখতে প্রস্তুত তারা।
প্যারিসে প্রথম লেগে ৯ গোলের পাগলাটে লড়াইয়ে ৫-৪ ব্যবধানে জিতে এগিয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। একপর্যায়ে ৫-২ গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ায় বায়ার্ন।
ফিরতি লেগ হবে বুধবার বায়ার্নের মাঠে। আগের দিন সংবাদ সম্মেলনে কম্পানি বললেন, প্রথম লেগের ব্যবধান ঘুচিয়ে ফাইনালে খেলার আত্মবিশ্বাস তাদের প্রবলভাবেই আছে।
“মৌসুমের শুরুতে খুব কম লোকই বিশ্বাস করেছিল যে, ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছানোর সুযোগ পাব আমরা। এখন আমরা এখানে। আমরা দারুণ কিছু মুহূর্তের সাক্ষী হয়েছি। সমর্থকরা বিশ্বাস করে যে, আমরা সফল হব। আমরা সবাই মিলে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে চাই।”
কম্পানির কোচিংয়ে টানা দ্বিতীয় মৌসুমে বুন্ডেসলিগা শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন। আগামী ২৩ মে জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টকে হারাতে পারলে ঘরোয়া ডাবল জয়ের স্বাদ পাবে তারা।
ট্রেবল জয়ের সম্ভাবনাও ভালোভাবেই আছে তাদের। ঘরের মাঠে দর্শকদের সামনে ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে সাফল্য এনে দেওয়ার চাপ থাকলেও, বিচলিত নন কম্পানি।
“আমরা ম্যাচটি জিততে চাই। আমাদের এমন কিছু পরিকল্পনা আছে, যা জিততে সাহায্য করবে বলেই বিশ্বাস আমাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচটি জেতা এবং সেটাই আমাদের অগ্রাধিকার।”
