১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা দলে আরও বদলের আভাস স্কালোনির

আইসল‍্যান্ডের বিপক্ষে ম‍্যাচ দেখে চোট পাওয়া খেলোয়াড়দের নিয়ে সিদ্ধান্ত নেবেন আর্জেন্টিনা কোচ।

আর্জেন্টিনা দলে আরও বদলের আভাস স্কালোনির
হন্ডুরাসের বিপক্ষে জয়ের ম্যাচের এক মুহূর্তে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 04:59 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

যেন ছোটখাটো এক হাসপাতাল হয়ে উঠেছে আর্জেন্টিনার বিশ্বকাপ ক‍্যাম্প। কেউ আগেই ছিটকে গেছেন, কেউ চোট নিয়ে এসেছেন, কেউ সেরে উঠছেন, কেউ সেরে উঠেছেন, কেউ নতুন করে চোটে পড়েছেন। তাতে দলই যেন গুছিয়ে নিতে পারছেন না লিওনেল স্কালোনি।

পেশির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লিওনার্দো বেলার্দি। তার প্রসঙ্গে বলতে গিয়েই আরেকটু অপেক্ষা করার কথা বললেন আর্জেন্টিনা কোচ স্কালোনি।

একইরকম চোটে ভুগছেন গন্সালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা ও লেয়ান্দ্রো পারেদেস। বাম হাঁটুতে ব‍্যথা অনুভব করছেন নিকোলাস পাস। ডান হাতের আঙুল ভাঙায় আপাতত খেলছেন না প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। অ‍্যাঙ্কেলের চোট ভোগাচ্ছে হুলিয়ান আলভারেসকে। 

মন্তিয়েল, মোলিনা ও পারদেসের চোট নিয়েই বেশি চিন্তিত আর্জেন্টিনা। পাস সেরে উঠেছেন, আইসল‍্যান্ডের বিপক্ষে খেলতে পারেন তিনি। আলভারেস ও মার্তিনেসের বিশ্বকাপে খেলা নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো অনিশ্চয়তা নেই। 

ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পাওয়া মেসি সেরে উঠছেন। আর্জেন্টিনা অধিনায়ক খেলতে পারেন আগামী বুধবার, আইসল‍্যান্ডের বিপক্ষে। গত ১৩ এপ্রিল চোট পাওয়ার পর রোববার হন্ডুরাস ম‍্যাচ দিয়ে মাঠে ফিরেছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। 

হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর, সংবাদ সম্মেলনে বেলার্দির বদলি নিয়ে এক প্রশ্নের জবাবে স্কালোনি বললেন, পরের ম‍্যাচ দেখে দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। 

“বদলি খেলোয়াড় এখনও ঠিক হয়নি। কাউকে আতঙ্কিত করার জন‍্য নয়, তবে আমাদের কয়েকজন খেলোয়াড় শতভাগ ফিট নয়। হয়তো (খেলোয়াড় বদলের) সিদ্ধান্ত কেবল একজন সেন্টার ব‍্যাকের ওপর নির্ভর করবে না।”

“এই বিষয়ে তাড়াহুড়া না করে একটি উপসংহারে পৌছানোর জন‍্য আমাদের আরও একটা ম‍্যাচ দেখে নেওয়ার সুযোগ আছে। আমরা ওই ম‍্যাচের আগে সিদ্ধান্ত নেব না, এরপর দেখব তারা কেমন আছে। আমরা অপেক্ষা করব।”

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম‍্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।