১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে প্রতিশোধ নিতে উন্মুখ রেয়াল মাদ্রিদ

মাদ্রিদের ক্লাবটির গোলরক্ষক থিবো কোর্তোয়া বললেন, যেকোনো মূল্যে জিততে চান তারা।

ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে প্রতিশোধ নিতে উন্মুখ রেয়াল মাদ্রিদ
থিবো কোর্তোয়া। ছবি: রেয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 05:22 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে চারবার হেরেছিল রেয়াল মাদ্রিদ, যার একটি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। এবার সেসব হারের বদলা নিতে উন্মুখ হয়ে আছে রেয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আরেকটি ফাইনাল নিয়ে দলটির তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া বললেন, জিততে ক্ষুধার্ত হয়ে আছেন তারা।

সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবার আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রেয়াল মাদ্রিদ। একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী রোববার বার্সেলোনার মুখোমুখি হবে তারা।

গত মৌসুমের স্প্যানিশ সুপার কাপের ফাইনালও হয়েছিল জেদ্দায়। সেই ম্যাচে রেয়ালকে ৫-২ গোলে উড়িয়ে এই প্রতিযোগিতার রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।

২০২৪-২৫ মৌসুমে লা লিগায় দুইবারের দেখায়ই বার্সেলোনার বিপক্ষে হারে রেয়াল; প্রথমবার ঘরের মাঠে ৪-০ গোলে এবং দ্বিতীয়টিতে প্রতিপক্ষের আঙিনায় ৪-৩ গোলে। গত কোপা দেল রের ফাইনালেও বার্সেলোনার বিপক্ষে পরাজয়ের তেতো স্বাদ পায় রেয়াল, ৩-২ গোলে।

এবারের মৌসুমে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে রেয়াল মাদ্রিদ। গত অক্টোবরে প্রথম ক্লাসিকোয় লা লিগার ম্যাচে ২-১ গোলে জেতে তারা। সুপার কাপের ফাইনালে ওঠার দিন আরেকটি ক্লাসিকোর প্রসঙ্গে কোর্তোয়া বলেন, জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তারা।

“আমাদের জিততেই হবে। গত বছর তাদের বিপক্ষে দুটি ফাইনালে হেরেছি এবং আমরা জিততে চাই ঠিক তাদের মতো, যারা লা লিগায় ক্লাসিকোতে হেরেছিল এবং আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে আছি।”

“জিততে চায় এমন দুটি দলের মধ্যে দারুণ একটি ম্যাচ হবে। রোববার জেতার জন্য আমাদের ভালোভাবে রিকভার করতে হবে এবং সতেজ হয়ে উঠতে হবে।”