১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্লে অফের ব‍্যর্থতায় বিধ্বস্ত লেভানদোভস্কি

সুইডেনের বিপক্ষে হেরে বাছাইয়ে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় ভীষণ হতাশ পোল‍্যান্ড অধিনায়ক।

প্লে অফের ব‍্যর্থতায় বিধ্বস্ত লেভানদোভস্কি
রবের্ত লেভানদোভস্কি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 06:59 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ভালো খেলেও সুইডেনের বিপক্ষে হার মানতেই পারছেন না রবের্ত লেভানদোভস্কি। বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় খুব কষ্ট পাচ্ছেন পোল‍্যান্ড অধিনায়ক। 

প্লে অফ ফাইনালে মঙ্গলবার রাতে ৩-২ গোলে হেরেছে পোল‍্যান্ড। ভিক্তর ইয়োকেরেশের শেষ দিকের গোল ব‍্যবধান গড়ে দিয়েছে দুই দলের মধ‍্যে। 

এতে আগামী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা হচ্ছে না পোল‍্যান্ডের। ম‍্যাচ শেষে দৃশ‍্যত ভেঙে পড়া এক লেভানদোভস্কিকে দেখা যায়। টিভিপির সঙ্গে আলাপচারিতায় তার কণ্ঠেও ছিল সেই সুর।

“এমন ম‍্যাচের পর কোনো কিছু বলা কঠিন। কারণ, আমি জানি না আমার অনুভূতি ওই সব শব্দে উঠে আসবে কিনা। ফুটবল কখনও নিষ্ঠুর হতে পারে। আপনি ভালো খেলেও হেরে যেতে পারেন। আর এটাই সবচেয়ে বাজে অনুভূতি।” 

দুইবার সমতা ফেরালেও তৃতীয়বারে আর পেরে উঠেনি পোল‍্যান্ড। নিজেদের নিংড়ে দেওয়ার পরও, এই হার মানতে পারছেন না লেভানদোভস্কি। 

“এটা বেদনাদায়ক, কারণ আমরা লক্ষ্যের কাছেই ছিলাম। কিন্তু বাস্তবে আমরা শূন‍্য হাতে বাড়ি যাচ্ছি। এই মুহূর্তে আমার অনুভূতি কী, বলা কঠিন। তবে অবশ‍্যই অনেক বেদনা ও হতাশার। এটা খুব হতাশার, কারণ সুইডেন অনেক সুযোগ তৈরি করতে পারেনি। আমরা বেশি সুযোগ পেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তারা একটি গোল বেশি করল।”

“সবচেয়ে বাজে অনুভূতি হবে যখন আগামীকাল জেগে উঠে নিজেদের প্রশ্ন করব যে, ‘কী ঘটেছিল গতকাল?’ সেই সময়টা হবে সবচেয়ে বেশি হতাশার। পরের দিনের যে অনুভূতি আমি সেটা কারও জন‍্য চাই না।”