১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার লুকমান

মরক্কোর আশরাফ হাকিমি, গিনির সেরহু গুইরাসি, কোত দি ভোয়ার সাইমন আদিনগ্রা ও দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে পেছনে ফেলেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 05:39 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

ক্লাব ও জাতীয় দলের হয়ে বছর জুড়ে চমৎকার পারফরম্যান্স উপহার দেওয়ার পুরস্কার পেয়েছেন আদেমোলা লুকমান। আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোমবার ২৭ বছর বয়সী লুকমানকে বর্ষসেরা হিসেবে ঘোষণা করা হয়। মরক্কোর আশরাফ হাকিমি, গিনির সেরহু গুইরাসি, কোত দি ভোয়ার সাইমন আদিনগ্রা ও দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে পেছনে ফেলেন তিনি।

লন্ডনে জন্ম নেওয়া লুকমান ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন, ফুলহ্যাম ও লেস্টার সিটির হয়ে খেলে ২০২২ সালে যোগ দেন ইতালিয়ান ক্লাব আতালান্তায়। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সেরি আর দলটির হয়ে ১৭ গোল করেন তিনি। চলতি মৌসুমে তো এরই মধ্যে করে ফেলেছেন ১১ গোল।

গত মে মাসে জার্মান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনকে হারিয়ে ইউরোপা লিগ জেতে আতালান্তা। ফাইনালে হ্যাটট্রিক করেন লুকমান।

নাইজেরিয়ার আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে ওঠার পথেও বড় অবদান রাখেন লুকমান। কিন্তু গত ফেব্রুয়ারিতে শিরোপা নির্ধারণী ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে হেরে যায় তার দল। ওই টুর্নামেন্টে ৩ গোল করেন তিনি।

আফ্রিকার বর্ষসেরা পুরস্কার জেতা ষষ্ঠ নাইজেরিয়ান লুকমান। গত বছর স্বীকৃতিটি পেয়েছিলেন ভিক্টর ওসিমন। সর্বোচ্চ দুইবার এই সম্মাননা পান নওয়ানকো কানু। একবার করে পুরস্কারটি ওঠে ইমানুয়েল আমুনিকে, ভিক্টর ইকেপেবা ও রাশিদি ইয়েকিনির হাতে।

জাতীয় দলের কোচ এবং অধিনায়কদের নিয়ে গঠিত একটি প্যানেল এই পুরস্কারের জন্য ভোট দেয়। তবে ভোটের হিসাব তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

জাম্বিয়ার ২৪ বছর বয়সী বারব্রা বান্দা জিতেছেন আফ্রিকার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার।