১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বায়ার্ন থেকে ইউনাইটেডে ডি লিখট ও মাজরাউয়ি

দুই ডিফেন্ডারের সঙ্গে লম্বা সময়ের জন‍্য চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2024, 02:56 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

রক্ষণভাগের শক্তি বাড়াতে একসঙ্গে দুই ডিফেন্ডারকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বায়ার্ন মিউনিখ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটিতে যোগ দিয়েছেন মাটাইস ডি লিখট ও নুসেইর মাজরাউয়ি।

ডাচ সেন্টার ব্যাক ডি লিখটের সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি করেছে ইউনাইটেড। আর মরক্কোর ফুল ব্যাক মাজরাউয়ির সঙ্গে চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। ইংলিশ ক্লাবটি মঙ্গলবার নিশ্চিত করেছে বিষয়টি।

জার্মান ক্লাব বায়ার্ন ও ইংলিশ ক্লাব ইউনাইটেডের পক্ষ থেকে চুক্তির আর্থিক বিষয় খোলাসা করা হয়নি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, এই দুইজনকে দলে নিতে ৫ কোটি পাউন্ডে বেশি খরচ হয়েছে ইউনাইটেডের।

ইউনাইটেড জানিয়েছে, ডি লিখট ও মাজরাউয়ির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।

নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সে যুব ক্যারিয়ার শুরু করেন এই দুই খেলোয়াড়। ক্লাবটিতে এরিক টেন হাগের মূল দলের হয়েও খেলেন তারা। এবার নতুন ক্লাবে পুরোনো কোচের কোচিংয়ে খেলতে যাচ্ছেন ডি লিখট ও মাজরাউয়ি।

আয়াক্স থেকে ২০১৯ সালে ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসে যোগ দেন ডি লিখট। সেখানে ২০১৯-২০ মৌসুমে সেরি আ শিরোপা জেতা এই ফুটবলার তিন বছর পর পাড়ি জমান বায়ার্নে। পরে ২০২২-২৩ বুন্ডেসলিগা শিরোপা জেতেন ২৫ বছর বয়সী ডি লিখট। 

২৬ বছর বয়সী মাজরাউয়ি ২০২২ সালে আয়াক্স থেকে বায়ার্নে যোগ দেন। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচ খেলেছেন তিনি। বায়ার্নের হয়ে বুন্ডেসলিগা জয়ের অভিজ্ঞতাও আছে তার। গত মৌসুমে চোটের কারণে কিছু সময় বাইরে ছিলেন তিনি।