ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 22 May 2026, 09:52 PM
মৌসুমের শেষ ম্যাচ থেকে এভারটনের খুব বেশি কিছু পাওয়ার নেই। তবে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দলটির কোচ ডেভিড ময়েসের একটি ব্যক্তিগত লক্ষ্য আছে- অবনমন থেকে নিজের সাবেক ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে রক্ষা করতে চান তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে ওয়েস্ট হ্যাম। দুই পয়েন্ট বেশি নিয়ে ১৭ নম্বরে টটেনহ্যাম। ৪৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে এভারটন।
গোল পার্থক্যে অনেক পিছিয়ে আছে ওয়েস্ট হ্যাম। তাই অবনমন এড়াতে হলে লিডস ইউনাইটেডের বিপক্ষে জিততে হবে তাদের। একই সঙ্গে এভারটনের বিপক্ষে হারতে হবে টটেনহ্যামের।
সমীকরণ এখন যেমন, তাতে এভারটনের বিপক্ষে হার এড়ালেই প্রিমিয়ার লিগে টিকে যেতে পারে টটেনহ্যাম। এই পরিস্থিতিতে নিজের চাওয়া পরিষ্কার করলেন ময়েস।
“যদি সম্ভব হয়, আমি ওয়েস্ট হ্যামকে এই লিগে রাখতে চাইব।”
২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুটি ভিন্ন মেয়াদে সাড়ে পাঁচ বছর ওয়েস্ট হ্যামের কোচ ছিলেন ময়েস। ২০২৩ সালে দলকে তিনি জেতান উয়েফা কনফারেন্স লিগ।
৬৩ বছর বয়সী কোচ অবশ্য দ্রুতই পরিষ্কার করলেন যে, যতটা সম্ভব ওপরে থেকে লিগ শেষ করতে চান তিনি। সেরা দশে থেকে আসর শেষ করাও সম্ভব মনে হচ্ছে তার কাছে।
শীর্ষ লিগে টিকে থাকতে মরিয়া টটেনহ্যাম নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের কেবল একটিতে হেরেছে। অন্যদিকে ছয় ম্যাচ ধরে জয়শূন্য আছে এভারটন।