Published : 20 Sep 2025, 07:42 PM
লিভারপুলের খেলায় ছন্দের অভাব দেখা গেল যথেষ্ট। তাদের বেশিরভাগ আক্রমণও হলো ধারহীন। তবে এভারটনকে হারিয়ে জয়ের ধারা ঠিকই ধরে রাখল আর্না স্লটের দল।
অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।
রায়ান খাফেনবেখ লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান উগো একিতিকে। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন ইদ্রিসা গেয়ি।
টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
দ্বিতীয় হারের পর পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে এভারটন।
ইতিবাচক শুরুর পর রায়ান খাফেনবেখের নৈপুণ্যে দ্রুত গোলও পেয়ে যায় লিভারপুল। মোহামেদ সালাহর থ্রু বল ডি-বক্সে শূন্যে থাকা অবস্থায় দারুণ কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন এই ডাচ ডিফেন্সিভ-মিডফিল্ডার।
দ্বিতীয় গোলেও জড়িয়ে খাফেনবেখের নাম। তার বাড়ানো পাস ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন একিতিকে। গত জুলাইয়ে লিভারপুলে যোগ দেওয়া ফরাসি ফরোয়ার্ডের প্রিমিয়ার লিগে গোল হলো তিনটি।
প্রথমার্ধে লক্ষ্যে একটি শট নিতে পারা এভারটন ৫৮তম মিনিটে দারুণ গোলে ব্যবধান কমায়। ডি-বক্সে সতীর্থের ব্যাকপাস পেয়ে বুলেট গতির শটে আলিসনকে পরাস্ত করেন সেনেগালের মিডফিল্ডার গেয়ি।
এরপরই দুটি পরিবর্তন আনেন লিভারপুল কোচ। কোডি হাকপো ও আলেক্সিস মাক আলিস্তেরকে তুলে বদলি নামান ফ্লোহিয়ান ভিয়েৎস ও কার্টিস জোন্সকে। ৬৭তম মিনিটে আরেক পরিবর্তন আনেন স্লট; একিতিকেকে তুলে নামান ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে দলে আসা আলেকসান্দার ইসাককে।
এরপরও লিভারপুলের আক্রমণে চেনা ধার ফেরেনি। বাকি সময়ে কেউই তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেনি।