১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফিনল্যান্ডকে হারিয়েও সন্তুষ্ট নন ডাচ কোচ ও অধিনায়ক

নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কুমান ও অধিনায়ক ভার্জিল ভন ডাইকের মতে, শেষ দিকে আরও ভালো খেলা উচিত ছিল তাদের।

ফিনল্যান্ডকে হারিয়েও সন্তুষ্ট নন ডাচ কোচ ও অধিনায়ক
নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কুমান (বাঁয়ে) ও অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

দুই গোলের ব্যবধানে জয়, খারাপ নয় অবশ্যই। তবে প্রতিপক্ষ যখন ফিনল্যান্ড, তখন সন্তুষ্ট হতে পারছেন না নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কুমান ও অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তাদের দুইজনের মতে, শেষ দিকে আরও ভালো খেলা উচিত ছিল ডাচদের। 

বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা জয় দিয়ে করেছে নেদারল্যান্ডস। শনিবার ‘জি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে তারা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে ডাচদের এগিয়ে নেন মেমফিস ডিপাই। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেনজেল ডামফ্রিজ।

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে অনুমিতভাবে দাপট দেখায় ডাচরা। বল দখলে রাখা, গোলের জন্য শট, লক্ষ্যে শট; সব বিভাগেই এগিয়ে ছিল তারা। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের মাঝে ঘাটতি চোখে পড়ে কুমানের।

“আমার মনে হয়, আমরা শুরুটা ভালো করেছিলাম, দ্রুত প্রথম গোলটি করতে পেরেছিলাম। এমন কিছুই সবসময় সবাই চায়, বিশেষ করে এই ধরনের ম্যাচে, এমন প্রতিপক্ষের বিপক্ষে যাদের বলের পেছনে অনেক খেলোয়াড় থাকে। আমরা ভালো করেছিলাম।”

“৩০ কিংবা ৩৫ মিনিট পর, আমার মনে হয় বল দখলে রাখায় কিছুটা অবহেলা করেছিলাম। ওই সময় আরও মনে হয়েছিল আমাদের ওপর যেন আর কোনো চাপ নেই। আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি এবং সেই ধারাবাহিকতা দ্বিতীয়ার্ধেও ছিল। এটা সম্ভবত যৌক্তিক হতে পারে, কিন্তু এমন ম্যাচে আরও ভালো করতে চাইবে সবাই। ফলাফল ঠিক আছে, কিন্তু মাল্টার বিপক্ষে (পরের ম‍্যাচে) দ্বিতীয়ার্ধে আমি আরও ভালো পারফরম্যান্স আশা করি।”

২০১২ সালের পর বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারল নেদারল্যান্ডস। তবুও খুশি হতে পারছে না ভার্জিল ফন ডাইক। অভিজ্ঞ এই ডিফেন্ডারের মতে, ব্যবধান আরও বড় হওয়া উচিত ছিল।

“প্রথম গোল করা সবসময়ই কঠিন। ম্যাচের বড় অংশে আমরা আধিপত্য করলেও সম্ভবত ফলাফলটি ৩-০ হওয়া উচিত ছিল।”

“প্রথম এক ঘণ্টা আমরা খুবই ভালো খেলেছি। কিন্তু শেষ ৩০ মিনিট আরও ভালো খেলতে পারতাম।”

আগামী মঙ্গলবার মাল্টার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।