Published : 03 Sep 2026, 05:19 PM
জার্মানির বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখ এবং ফ্রান্সের লিগ আঁয় পিএসজি যে সুবিধা পায় সেটা স্পেনের লা লিগায় কোনো দলকে পেতে দেখেন না জোসে মরিনিয়ো। শিরোপা জেতার মতো দল বেশি থাকায় স্প্যানিশ লিগে বাড়তি চাপ অনুভব করেন রেয়াল মাদ্রিদ কোচ।
২০১২-১৩ মৌসুম থেকে বলতে গেলে এক ঘোড়ার রেস চলছে জার্মানির শীর্ষ লিগ বুন্ডেসলিগায়। কেবল ২০২৩-২৪ মৌসুমে লিগ জিততে পারেনি বায়ার্ন। সবশেষ ১৪ মৌসুমের ১৩টিতেই শিরোপা জিতেছে প্রতিযোগিতার সফলতম দলটি।
কাছাকাছি চিত্র ফ্রান্সের শীর্ষ লিগে। ২০১২-১৩ মৌসুম থেকে লিগ আঁয় চলছে পিএসজির রাজত্ব। সবশেষ ১৪ আসরের ১২টিতেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। মাঝে ২০১৬-১৭ মৌসুমে মোনাকো ও ২০২০-২১ মৌসুমে লিল শিরোপা জেতে।
লা লিগায় ২০১২-১৩ মৌসুম থেকে ১৪ আসরে শিরোপা ভাগ করে নিয়েছে তিনটি দল। এই সময়ে আটবার চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। রেয়াল মাদ্রিদ জিতেছে চারবার, আতলেতিকো মাদ্রিদ দুইবার। এই তিন দলের বাইরে সবশেষ শিরোপা জিতেছিল ভালেন্সিয়া ২০০৩-০৪ মৌসুমে।
নতুন মৌসুমে তিন রাউন্ড শেষে প্রথম দুটি স্থানে আছে বার্সেলোনা ও রেয়াল। শতভাগ জয়ের ধারাতে আছে কেবল এই দুই ক্লাব। গোল পার্থক্যে পিছিয়ে থেকে দুই নম্বরে আছে রেয়াল।
গত দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে না পারা রেয়াল ফিরতে চায় কক্ষপথে। কিন্তু কাজটা সহজ হবে বলে মনে করেন না মরিনিয়ো।
“আমার মতে, এটা কোনো সহজ লিগ নয়। তবে এখানে সবসময়ই জেতার অব্যাহত একটা চাপ থাকে। ফ্রান্স কিংবা জার্মানিতে শিরোপা প্রত্যাশীরা জানে, শেষ পর্যন্ত তারাই চ্যাম্পিয়ন হবে। এখানে সেটা হয় না, আর এই চাপ প্রবল ঝুঁকির মধ্যে ফেলে দেয়।”
গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনার পাশাপাশি আতলেতিকো মাদ্রিদকেও শিরোপার দাবিদার হিসেবে দেখেন মরিনিয়ো।
“যদি তারা প্রকাশ্যে নাও বলে, তবুও আমি মনে করি আতলেতিকো মাদ্রিদ লড়াইয়ে থাকবে। আমার মতে তারাও শিরোপার দাবিদারদের একটি। এছাড়া এখানে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া আরও দল আছে। বেতিস, রেয়াল সোসিয়েদাদ…. এরাও শক্তিশালী দল। আগামীকাল আমরা দেখব বেতিস কতটা শক্তিশালী।”
লা লিগায় বাংলাদেশ সময় শুক্রবার বেতিসের মুখোমুখি হবে রেয়াল। ২০২১ সালের পর বেতিসের মাঠে জিততে পারেনি তারা। এই সময়ে তিনটি ম্যাচে ড্র করে তারা, হারে অন্যটিতে।
সাম্প্রতিক ফল বিবেচনায় রেখে খেলোয়াড়দের নিজেদের উজাড় করে দিয়ে খেলতে বললেন মরিনিয়ো।
“ওদের ভালো পারফরম্যান্স প্রয়োজন হবে, নয়তো জয় সম্ভব হবে না। বেতিস খুব ভালো দল আর এখানে রেয়াল মাদ্রিদের সাম্প্রতিক ফল… ওদের হারানো কঠিন। আর সেটা করতে হলে আপনাকে নিজের সেরা খেলাটা খেলতে হবে। এছাড়া আর কোনো পথ নেই।”