১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কয়েক সপ্তাহের জন্য গাব্রিয়েলকে পাবে না আর্সেনাল

আগামী বুধবার আবার স্ক্যান করানোর পরই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের চোটের প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা মিলবে।

কয়েক সপ্তাহের জন্য গাব্রিয়েলকে পাবে না আর্সেনাল
গাব্রিয়েল মাগালিয়াইস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 11:22 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে ফেরার আগে সমর্থকদের বড় দুঃসংবাদ দিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। জানালেন, দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইসকে কয়েক সপ্তাহের জন্য পাওয়া যাবে না।

আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামেই গত শনিবার সেনেগালের বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচে চোট পান গাব্রিয়েল। দ্বিতীয়ার্ধে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।

গাব্রিয়েলের চোট কতটা গুরুতর, তখন তা জানা যায়নি। তবে, গত মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় প্রীতি ম্যাচ থেকে ছিটকে যান তিনি। তখনই বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, বিরতির পর আর্সেনালের ফেরার ম্যাচে তাকে হয়তো পাওয়া যাবে না।

সেই শঙ্কাই সত্যি হচ্ছে এবং দলে তার অনুপস্থিতির সময়টাও দীর্ঘ হতে পারে। আগামী রোববার প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলবে আর্সেনাল। শুক্রবার সংবাদ সম্মেলনে গাব্রিয়েলকে নিয়ে অস্বস্তিকর খবরই দিলেন আর্তেতা।

“গাবি কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে।”

আর্তেতা আরও জানান, আগামী বুধবার আবার গাব্রিয়েলের স্ক্যান করানো হবে এবং এরপরই তাকে কতদিন বাইরে থাকতে হবে, সে বিষয়ে পরিষ্কার ধারণা মিলবে। 

চলতি মৌসুমে দারুণ ছন্দে এগিয়ে চলা আর্সেনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ গাব্রিয়েল। ২০২০ সালে লিল থেকে আর্সেনালে যোগ দেওয়া ২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাক দলটির রক্ষণভাগের খুব গুরুত্বপূর্ণ সদস্য। 

এবারের প্রিমিয়ার লিগে আর্সেনাল ১১ ম্যাচে কেবল ৫ গোল হজম করেছে এবং প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে খেলা গাব্রিয়েল রক্ষণকে দৃঢ় রাখতে বড় অবদান রেখেছেন।

টটেনহ্যাম ম্যাচের তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে আর্সেনাল। এই হাইভোল্টেজ ম্যাচেও গাব্রিয়েলকে নিশ্চিতভাবেই পাবেন না আর্তেতা।