এএফসি এশিয়ান কাপ
Published : 08 Oct 2025, 09:01 PM
পায়ের পেশির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি তপু বর্মন। কানাডা থেকে ঢাকায় এসে শোমিত সোম মাত্র একটি সেশন অনুশীলন করতে পেরেছেন দলের সঙ্গে। হংকং চায়নার বিপক্ষে ম্যাচের সেরা একাদশ তাই এখনও চূড়ান্ত করেননি হাভিয়ের কাবরেরা। এরই মধ্যে প্রশ্ন উঠল জামাল ভূঁইয়ার খেলার সম্ভাবনা নিয়েও। কেননা, বাছাইয়ে আগের দুই ম্যাচেও সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে এসে কথা বলে শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগই পাননি তিনি!
এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার রাত ৮টায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলা গত দুই ম্যাচে অধিনায়ক জামালকে মাঠে নামাননি কাবরেরা। হংকং ম্যাচ সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়লেন কোচ। উত্তরও তিনি দিলেন কৌশলী সুরে।
“অবশ্যই, জামাল খেলুক বা না খেলুক, সে আমাদের অধিনায়কই থাকবে। এটা অপরিবর্তনীয়।”
সেরা একাদশে পরিবর্তনের ইঙ্গিতও যেন পরোক্ষভাবে দিয়ে রাখলেন কাবরেরা। বললেন, তপু ও শোমিতের খেলার বিষয়ে সিদ্ধান্ত আরও সময় নিয়ে নিতে চান তিনি।
“তপু উন্নতি করেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে একটি জটিল ইনজুরিতে ভুগছিল। আমাদের মেডিকেল টিম এবং তপু নিজেও দারুণ কাজ করেছে। আজ আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
“হ্যাঁ, শোমিত মাত্র একটি অনুশীলন সেশন করেছে। তার যাত্রাটা দীর্য হলেও সে ভালো অনুভব করছে। আজ ও কাল সকালে তাকে দেখে সিদ্ধান্ত নেব।”
চোটের কারণে ক্যাম্পের দল থেকে আগেই ছিটকে গেছেন ফরোয়ার্ড সুমন রেজা। বর্তমান দলে থাকা আল আমিনও পেশির চোটে ভুগছেন। পিডাব্লিউডির ২১ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ তাই কাবরেরার ছকে গুরুত্ব পাচ্ছেন।
“সুমনের চোট খুব দুর্ভাগ্যজনক। সেপ্টেম্বর মাসে সে দুর্দান্ত খেলেছে। কিন্তু ক্যাম্পে যোগ দেওয়ার আগেই চোটে পড়ে; সেরে উঠতে পারেনি সে। আল-আমিনেরও কাফে কিছু সমস্যা আছে। দেখা যাক কাল কী হয়। তবে আকাশ আছে, সে ভালো করছে। এই উইন্ডোতে ওর জন্য এটা ভালো সুযোগ হতে পারে।”
অভিজ্ঞ তপুর চোট নিয়ে দুর্ভাবনা থাকলেও যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদের উপস্থিতি কাবরেরার জন্য স্বস্তির উপলক্ষ হয়ে এসেছে। অনূর্ধ্ব-২৩ দলে খেলে এরই মধ্যে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন তিনি। ২১ বছর বয়সী এই তরুণকে হংকং ম্যাচেই ‘পরীক্ষা’য় বসিয়ে দিতে পারেন বাংলাদেশ কোচ।
“জায়ান ভালো করছে। অনূর্ধ্ব-২৩ দলে ভালো পারফর্ম করেছে—ভিয়েতনাম, ইয়েমেন, সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে খেলেছে। আমি ওকে সেখানেও দেখেছি। এখানেও সে খুব মনোযোগী। সে আমাদের প্রমাণ করতে চাইছে যে, আমাদের লেভেলের খেলোয়াড় সে। দেখা যাক কাল কী হয়।”
'পরিকল্পনায় শুধু হামজা নয়, পুরো বাংলাদেশ দল'
নতুন গল্প লেখার প্রত্যয়ে হংকং ম্যাচের অপেক্ষায় জামাল ও তার সতীর্থরা