Published : 22 Aug 2026, 03:25 AM
শিরোপা জিতে নতুন মৌসুম শুরুর পর, লিগ শিরোপা ধরে রাখার অভিযানেও শুরুটা দারুণ করল আর্সেনাল। দুই যুগের বেশি সময় পর প্রিমিয়ার লিগে ফেরা কভেন্ট্রি সিটিকে দাপুটে পারফরম্যান্সে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার ২০২৬-২৭ প্রিমিয়ার লিগের যাত্রা শুরুর ম্যাচটি ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। কাই হাভার্টজ দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান বুকায়ো সাকা। বিরতির পর তৃতীয় গোলটি করেন মার্টিন ওদেগোর।
অনেক বাধা-বিপত্তি, অসংখ্য সঙ্কট কাটিয়ে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরে প্রথম মিনিটেই কর্নার আদায় করে নেয় কভেন্ট্রি সিটি। তবে এরপর, তাদের ওপর একচেটিয়া আধিপত্য করে চ্যাম্পিয়নরা।
কিছুক্ষণ পরই পরিষ্কার একটি সুযোগ পান সাকা, যদিও বিপজ্জনক জায়গা থেকে তার শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে বাইরে চলে যায়।
গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। বাঁ দিকের সাইডলাইনের কাছে বল হারিয়ে ফেলে সফরকারীরা। সেই সুযোগে সতীর্থের পাস পেয়ে রিকার্দো কালাফিওরি ডি-বক্সে খুঁজে নেন হাভার্টজকে এবং প্রথম ছোঁয়ায় নিখুঁত প্লেসিং শটে বল লক্ষ্যে পাঠান জার্মান তারকা।
গত রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ ব্যবধানে কমিউনিটি শিল্ড জয়ের ম্যাচেও একটি গোল করেছিলেন হাভার্টজ।
সাত মিনিট পর, আবার গড়বড় করে ফেলে কভেন্ট্রি এবং এবারের দায় গোলরক্ষকের। ডেক্লান রাইসের পাস ধরে বাঁ দিক থেকে গোলমুখে সতীর্থদের খুঁজে নেওয়ার চেষ্টা করেন ক্রিস্তস জলিস। ঝাঁপিয়ে সেটা আটকাতে গিয়ে উল্টো প্রতিপক্ষের পায়ে বল তুলে দেন কার্ল রুশওয়ার্ত, ফাঁকায় বল পেয়ে বিনা বাধায় জালে পাঠান সাকা।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আরেকটি গোছানো আক্রমণ এবং রুশওয়ার্তের আরও বড় ভুলের সুযোগে দলের তৃতীয় গোলটি করেন ওদেগোর। তিনি রাইসের দারুণ পাস ধরে বাড়ান সাকাকে, তার থেকে বল পেয়ে বাইলাইন থেকে ওদেগোরকে খুঁজে নেন বেন হোয়াইট। আর্সেনাল অধিনায়ক ঠিকমতো শট নিতে পারেননি, তবে আগেই অন্যদিকে ঝুঁকে পড়ায় দুর্বল শটটাও আটকাতে পারেননি রুশওয়ার্ত।
সিটির বিপক্ষেও দলের তৃতীয় গোলটি করেছিলেন ওদেগোর।
কভেন্ট্রির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও বলা যায় ওখানেই একরকম শেষ হয়ে যায়। বাকি সময়েও তারা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো তেমন কিছু করতে পারেনি।