দেম্বেলে ও দুয়েকে হারাল পিএসজি
একজন এক মাস ও আরেকজন দেড় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।
চোট শঙ্কা নিয়ে ফ্রান্সের জার্সিতে মাঠে নেমে যে বিপদ ডেকে এনেছেন উসমান দেম্বেলে, তাতে ভুগতে যাচ্ছে পিএসজি। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটি এই তারকা ফরোয়ার্ড। সঙ্গে আরেক ফরোয়ার্ড দিজিরে দুয়েকেও হারিয়েছে ফরাসি ক্লাবটি।
গত মৌসুমের ট্রেবল জয়ী পিএসজি শনিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, দেম্বেলের হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর। তাকে ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে।
আর ডান পায়ের পেশির চোটে ভুগছেন ২০ বছর বয়সী দুয়ে। মাস খানেকের জন্য ছিটকে গেছেন তিনিও।
বিশ্বকাপ বাছাইয়ে গত শুক্রবার ইউক্রেইনের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে চোট পান ফরাসি দুই রাইট উইঙ্গার দেম্বেলে ও দুয়ে।
২৮ বছর বয়সী দেম্বেলের চোট নিয়ে শঙ্কার কথা আগেই শোনা গিয়েছিল। ইউক্রেইন ম্যাচ থেকে তার ‘ছিটকে পড়ার’ খবরও বেরিয়েছিল। কিন্তু পায়ে অস্বস্তি অনুভব করা দুয়ের বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কিছুটা চমকে দেন তিনি।
বেশিক্ষণ অবশ্য খেলতে পারেননি। ৩৫ মিনিট খেলেই উঠে যেতে বাধ্য হন দেম্বেলে। মাঠ থেকে কিছুটা খুঁড়িয়ে বের হওয়ার সময় তাকে ঊরুর পেছনের অংশ চেপে ধরে রাখতে দেখা যায়।
দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে হারানো পিএসজির জন্য বড় ধাক্কা। গত মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ জয়ে বড় অবদান রেখেছিলেন দেম্বেলে ও দুয়ে। এবারের ব্যালন দ’র জয়ের দাবিদারদের একজন দেম্বেলে।
আন্তর্জাতিক বিরতির পর আগামী ১৪ সেপ্টেম্বর লিগ ম্যাচে ঘরের মাঠে লঁসের মুখোমুখি হবে পিএসজি। তিন দিন পর আতালান্তার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা।
২০২৬ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের বাছাইয়ে মঙ্গলবার আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।
