১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরওয়ের বিপক্ষে হারলেও মনোবল হারাচ্ছেন না ইরাক কোচ

খেলোয়াড়দের গ্রাহাম আর্নল্ড মনে করিয়ে দিয়েছেন, জয়ের জন‍্য এখনও দুটি ম‍্যাচ আছে।

নরওয়ের বিপক্ষে হারলেও মনোবল হারাচ্ছেন না ইরাক কোচ
নরওয়ের বিপক্ষে বড় ব‍্যবধানে হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন ইরাকের ফুটবলাররা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 10:11 AM

Updated : 11 Sep 2026, 03:25 PM

বিশ্বকাপে ফেরার ম‍্যাচে নরওয়ের বিপক্ষে বড় ব‍্যবধানে হেরেছে ইরাক। তবে এখনও নক আউট পর্বে যাওয়ার সুযোগ দেখছেন ইরাক কোচ গ্রাহাম আর্নল্ড। লক্ষ‍্য পূরণ করতে খেলোয়াড়দের মনোবল ধরে রাখার তাগিদ দিয়েছেন।

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোরে ‘আই’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে হেরেছে ইরাক। 

১৯৮৬ সালে প্রথম ও শেষবার বিশ্বকাপে খেলেছিল ইরাক। ৪০ বছর পর বিশ্ব মঞ্চে ফেরার ম‍্যাচে হারলেও দলের খেলা আশা দেখাচ্ছে কোচ আর্নল্ডকে।

“আমরা নরওয়ের উপর চাপ তৈরি করেছিলাম। তবে এই মানের খেলোয়াড়দের বিপক্ষে কিছু ভুল করলে আপনাকে শাস্তি পেতেই হবে। তাই নিজেদের ভুল থেকে আমাদের শিখতে হবে।”

আর্লিং হলান্ড ২৯তম মিনিটে নরওয়েকে এগিয়ে নেওয়ার পর আইমেন হুসাইনের গোলে সমতা ফেরায় ইরাক। বিরতির আগে ফের দলকে এগিয়ে নেন হলান্ড। গোলের উৎস ছিল গোলরক্ষক জালাল হাসানের দিকে দেওয়া দুর্বল এক ব‍্যাক পাস। আর্নল্ড মনে করেন, ওই গোলই ম‍্যাচের টার্নিং পয়েন্ট। 

“এটা হয়তো সত‍্যিই খেলোয়াড়দের মানসিকভাবে প্রভাবিত করেছিল। আমি ওদের উজ্জীবিত করার চেষ্টা করেছি এবং বলেছি এটা অতীত। আমাদের এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।”

এই হারের পরও সক আউট পর্বের আশা ছাড়ছেন না আর্নল্ড। গোল পার্থক‍্যে এগিয়ে থেকে শীর্ষে আছে নরওয়ে। তাদের পরেই আছে সেনেগালকে ৩-১ গোলে হারানো ফ্রান্স। ৪৮ দলের বিশ্বকাপে সেরা তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে যাওয়ার সুযোগ থাকায় আতঙ্কিত হওয়ার কিছু দেখেন না ইরাকের অস্ট্রেলিয়ান কোচ। 

“আমরা গ্রুপ পর্বে আছি, এখানে নয় পয়েন্ট পাওয়া সম্ভব। আজকের ম‍্যাচ থেকে আমাদের ইতিবাচক সব নিতে হবে এবং নিজেদের পরের ম‍্যাচের জন‍্য তৈরি হতে হবে।”

“এখনও তৃতীয় স্থানের সুযোগ আছে। পরের ধাপে যেতে তিন পয়েন্ট যথেষ্ট হওয়া উচিত।”

আগামী সোমবার গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্সের বিপক্ষে খেলবে ইরাক। এই ম‍্যাচেও সমর্থকদের পাশে চাইলেন কোচ। 

“খেলোয়াড়দের নিয়ে গর্বিত হোন। ছেলেদের সমর্থন দিয়ে যান এবং সুখী থাকুন।”