চ্যাম্পিয়ন্স লিগের আবহে দলের জেগে ওঠার আশায় রেয়াল মাদ্রিদ কোচ
আলভারো আরবেলোয়ার দৃঢ় বিশ্বাস, ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইয়ের মতো বায়ার্নের বিপক্ষেও দ্যুতি ছড়াবে তার দল।
অন্যান্য প্রতিযোগিতায় পারফরম্যান্স যেমনই হোক, চ্যাম্পিয়ন্স লিগ এলেই জ্বলে ওঠে রেয়াল মাদ্রিদ- পূর্বে এমনটা দেখা গেছে বহুবার। সবশেষ লা লিগা ম্যাচের হতাশা ভুলে, বায়ার্ন মিউনিখের বিপক্ষে আসছে লড়াইয়ে দলকে আবার স্বরূপে দেখতে চান কোচ আলভারো আরবেলোয়া।
ঘরোয়া লিগে গত শনিবার বড় অঘটনের শিকার হয় রেয়াল মাদ্রিদ, ধারহীন পারফরম্যান্সে মায়োর্কার মাঠে হেরে বসে ২-১ গোলে। সেদিনই পরে আতলেতিকো মাদ্রিদের মাঠে একই ব্যবধানে জিতে লিগ টেবিলে ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা।
লা লিগার ইতিহাসে আসরের শেষ আট ম্যাচ বা এর কম ম্যাচে সাত পয়েন্টের ব্যবধান ঘোচাতে পারেনি কেউ। লিগ শিরোপা পুনরুদ্ধার করতে হলে তাই ইতিহাস বদলাতে হবে রেয়ালকে, প্রার্থনা করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বীদের কক্ষচ্যূত হওয়ার।
তবে, আপাতত সেসব নিয়ে একদমই ভাবছেন আরবেলোয়া। তার ভাবনাজুড়ে এখন কেবলই বায়ার্ন মিউনিখ ম্যাচ। মায়োর্কার বিপক্ষে হারের পর দলকেও একই বার্তা দেন তিনি। সোমবার সংবাদ সম্মেলনেও বললেন একই কথা।
“আমি তাদেরকে বলেছি, যা হয়ে গেছে, তা নিয়ে বসে থাকার সময় নেই। আমরা সবাই এখন আগামীকাল কিভাবে জেতা যায়, তা নিয়ে ভাবছি।”
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার ঘরের মাঠে জার্মান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
আরবেলোয়ার বিশ্বাস, অতীতের মতো এবারও লা লিগার ব্যর্থতা ভুলে ইউরোপ সেরার মঞ্চে আলো ছড়াবে তার দল।
“শীর্ষ পর্যায়ের কোনো প্রতিপক্ষ সামনে এলে সবসময়ই জেগে ওঠে (রেয়াল) মাদ্রিদ।”
“আমরা এমন একটা দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা ইউরোপে সবচেয়ে ধারাবাহিক এবং তারা আমাদের কঠিন পরীক্ষা নেবে। তাদের বিপক্ষে আমাদের লড়াইয়ের ইতিহাসও স্পেশাল। আমি নিশ্চিত, দারুণ একটি রাতের জন্য আমরা প্রস্তুত, ঠিক ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইয়ের মতো।”
শেষ ষোলোয় সিটির মুখোমুখি হওয়ার আগেও পারফরম্যান্সের অধারাহিকতায় ভুগছিল আরবেলোয়ার দল। কিন্তু অসাধারণ পারফরম্যান্সে দুই লেগেই ইংলিশ দলটিকে হারিয়ে, ৫-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে ওঠে রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
