১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একই জুতো পরার সেই কুসংস্কার আর নেই স্কালোনির!

কুসংস্কার থেকে কীভাবে মুক্ত হলেন, সেটা বললেন আর্জেন্টিনা কোচ।

একই জুতো পরার সেই কুসংস্কার আর নেই স্কালোনির!
রবের্তো আয়ালা ও ওয়াল্তের সামুয়েলের সঙ্গে খেলা দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 08:40 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

কোচ, খেলোয়াড়দের কুসংস্কার নিয়ে কত রকম গল্পই আছে প্রচলিত। লিওনেল স্কালোনি যেমন, একই জুতো পরে দাঁড়াতেন ডাগআউটে। কিন্তু আর্জেন্টিনার কোচের এই চর্চা বদলে দেয় গত বিশ্বকাপ।

সৌদি আরবের বিপক্ষে ‘সৌভাগ্যের’ জুতো পরে ডাগআউটে দাঁড়ান স্কালোনি। কিন্তু বিধি বাম। ম্যাচে তার দল হারে ২-১ গোলে। পরে, ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, আর কুসংস্কার পিছু ছাড়ে স্কালোনির। স্পেনের বিপক্ষে ফাইনাল সামনে রেখে তিনি নিজেই শোনালেন সে গল্প।

“কাতার বিশ্বকাপেও এই কুসংস্কার আমার সঙ্গী ছিল। আমি সবসময় একই জুতো পরতাম, কিন্তু আমরা সৌদি আরবের কাছে হেরে গেলাম… এবং সেটা সেখানেই শেষ। এরপর থেকে কুসংস্কারে আর কোনো বিশ্বাস নেই আমার।”

চার বছর আগে, লুসাইলের ফাইনালের জয়ের পরও বেশ স্বাভাবিক ছিলেন স্কালোনি। এবারের বিশ্বকাপেও দুয়েকটা ম‍্যাচে বেশ আপ্লুত হতে দেখা গেছে তাকে। বিশেষ করে, মিশরের বিপক্ষে শেষ ষোলোয় হারের শঙ্কা এড়িয়ে জয়ের পর কেঁদেছিলেন স্কালোনি। সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনের গল্প লেখার পরও অশ্রু সংবরণ করে রাখতে পারেননি তিনি। আর্জেন্টিনা কোচ বললেন, চারপাশের আবহ তাকে আবেগী করে তুলেছিল।

“আপনি যখন মানুষকে উদযাপন করতে দেখবেন এবং তারা খুশি… সেটা আপনাকে ছুঁয়ে যাবে। হৃদয় দিয়ে সেটা অনুভব করতে না পারা অসম্ভব। আমরা তাদের (সমর্থক) জন্যই খেলি। আমরা মূল্যবান একটা জিনিস ফিরে পেয়েছি। সেটা হচ্ছে, আর্জেন্টিনার খেলার দেখার জন্য টেলিভিশনের সামনে দাঁড়িয়ে থাকা মানুষ।”

নিউ ইয়র্কে ২০ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।