১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিলবাওয়ের বিপক্ষে খেলবেন রদ্রি

লা লিগার এই ম‍্যাচ দিয়ে বার্সেলোনার জার্সিতে অভিষেক হবে স্প‍েনের বিশ্বকাপজয়ী অধিনায়কের।

বিলবাওয়ের বিপক্ষে খেলবেন রদ্রি
বার্সেলোনার অনুশীলনে রদ্রি ও পেদ্রি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 05:37 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

ম‍্যানচেস্টার সিটি থেকে কাম্প নউয়ে যোগ দেওয়া রদ্রির অভিষেক হতে যাচ্ছে বার্সেলোনার জার্সিতে। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম‍্যাচে কিছুক্ষণ খেলবেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

উত্তর আমেরিকা বিশ্বকাপ জয়ে স্পেন দলকে সামনে থেকে নেতৃত্ব দেন রদ্রি। জিতে নেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার। বিশ্বকাপ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ছেড়ে তিনি যোগ দেন বার্সেলোনায়। 

গত দুই মৌসুমের লা লিগা চ‍্যাম্পিয়নরা এলচের বিপক্ষে ৫-০ ব‍্যবধানের জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে। এবার তাদের সামনে স্পেনের শীর্ষ লিগ থেকে কখনও অবনমনের শিকার না হওয়া তিন দলের একটি- বিলবাও।

মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ১টায় (এএম)। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে রদ্রির অভিষেকের কথা বললেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।  

“হ‍্যাঁ, আগামীকাল তাকে কিছুক্ষণ খেলানোর ভাবনা আছে।”

রদ্রি আসার পর নতুন এক আলোচনা চলছে স্প‍্যানিশ ফুটবলে, কাম্প নউয়ে কী একই একাদশে খেলতে পারবেন তিনি ও পেদ্রি। দুই বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের এক সঙ্গে খেলায় কোনো সমস‍্যা দেখেন না বার্সেলোনা কোচ।

“আমরা (মার্ক) বের্নালকেও খেলিয়েছি, সেও একইরকম। তবে রদ্রির অভিজ্ঞতা অনেক বেশি, সে একজন নেতা। পেদ্রির সঙ্গে মিলে সে আমাদের খেলা, বল ও প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে সাহায‍্য করবে।

“এলচের বিপক্ষে বিশেষ করে প্রথমার্ধে আমরা খুব দ্রুত বল হারাই। এরপর পেদ্রির নামাটা কাজে দিয়েছে। কারণ, তখন আমাদের নিয়ন্ত্রণ বেশি ছিল এবং বলও দখলে ছিল। এটাই আমাদের প্রয়োজন। সবাই জানে রদ্রি সেরাদের একজন এবং আমি মনে করি, তাদের এক সঙ্গে বার্সায় খেলতে দেখাটা আমরা উপভোগ করব।”