১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সের কোচের দায়িত্ব নিতে জিদানের ‘মৌখিক সম্মতি’

অনেক দিনের গুঞ্জনের পর অবশেষে ফ্রান্স জাতীয় দলের কোচ হচ্ছেন সর্বকালের সেরা ফুটবলারদের একজন, খবর ইএসপিএনের।

ফ্রান্সের কোচের দায়িত্ব নিতে জিদানের ‘মৌখিক সম্মতি’
অবশেষে ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান? ছবি: জিদানের ফেইসবুক পাতা।।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 03:24 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

অনেক দিন ধরে চলে আসা গুঞ্জন ও সম্ভাবনা অবশেষে বাস্তব রূপ পেতে চলেছে। ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, বিশ্বকাপ শেষেই কোচের দায়িত্ব নেবেন সর্বকালের সেরা ফুটবলারদের একজন।

২০১২ সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্বে থাকা দিদিয়ে দেশমের অধ্যায় এই বিশ্বকাপ দিয়ে শেষ হচ্ছে নিশ্চিতভাবেই। পরবর্তী কোচ হিসেবে তার সাবেক সতীর্থ জিদানের নাম আলোচনায় উঠে এসেছে নানা সময়েই। এবার ইএসপিএনের খবর, আগামী গ্রীষ্মে দায়িত্ব নিতে মৌখিক সম্মতি দিয়েছেন ৫৩ বছর বয়সী সাবেক ফুটবলার।

ফরাসি সংবাদপত্র লু ফিগাহোর সঙ্গে সাক্ষৎকারে ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালোকে জিজ্ঞেস করা হয় দেশমের সম্ভাব্য উত্তরসূরি নিয়ে। তিনি বলেন, ‘আমি জানি, কে দায়িত্ব পেতে চলেছেন।’ তবে নামটি তিনি খোলাসা করেননি। কিন্তু ইএসপিএন সেটিই প্রকাশ্য করেছে। তাদের খবর অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের আগে বিস্তারিত নানা কিছু ও জিদানের সাপোর্ট স্টাফ চূড়ান্ত করার আলোচনা চলছে এখন।

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোর শিরোপা জয়ের নায়ক জিদান, ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ওঠাতেও তার ছিল বড় অবদান। সর্বকালের সেরা ফুটবলারদের ছোট্ট তালিকা করলেও তাকে সেখানে রাখতে হবে। তার কোচিং ক্যারিয়ার ছোট্ট এবং শুধুই রেয়াল মাদ্রিদময়। সেখানেও পেয়েছেন দারুণ সাফল্য। ক্যারিয়ারের শেষ পাঁচ বছর যে ক্লাবে খেলেছেন মিডফিল্ডের জাদুকর, সেই ক্লাবে দুই দফায় মোটে চার বছর কোচের দায়িত্বে ছিলেন তিনি। এর মধ্যেই ইতিহাস গড়েছেন একমাত্র কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে। এছাড়া দুবার করে জিতেছেন লা লিগা, ক্লাব বিশ্বকাপ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ।