১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার সামনে এবার সেই আলবাসেতে

রেয়াল মাদ্রিদকে বিদায় করে দেওয়া দলটির বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে হান্সি ফ্লিকের দল।

বার্সেলোনার সামনে এবার সেই আলবাসেতে
বার্সেলোনা দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 07:07 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

এবারের কোপা দেল রের বড় চমক আলবাসেতে। রেয়াল মাদ্রিদকে শেষ ষোলো থেকে বিদায় করে দেওয়া দ্বিতীয় স্তরের দলটির বিপক্ষে খেলতে হবে এবার আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। 

স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার। যেখানে আলবাসেতেকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। 

এবার ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিতি পেয়ে গেছে আলবাসেতে। ঘরের মাঠ কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে শেষ ষোলোয় তারা ৩-২ গোলে হারিয়ে দেয় ইউরোপের সফলতম দল রেয়াল মাদ্রিদকে। তার আগে শেষ বত্রিশে লা লিগার আরেক দল সেল্তা ভিগোর বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ সমতার পর টাইব্রেকারে তারা জিতেছিল ৩-০ গোলে।

শিরোপা ধরে রাখার অভিযানে বার্সেলোনা শেষ ষোলোয় ২-০ গোলের ঘাম ঝরানো জয় পায় দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তান্দেরের বিপক্ষে। 

এক লেগের কোয়ার্টার-ফাইনাল হবে আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে। তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

প্রতিযোগিতাটির রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে আলবাসেতের মাঠে।

কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:

আলবাসেতে-বার্সেলোনা

আলাভেস-রেয়াল সোসিয়েদাদ

ভালেন্সিয়া-আথলেতিক বিলবাও

রেয়াল বেতিস-আতলেতিকো মাদ্রিদ