সৌদি আরব থেকে সরে স্প্যানিশ সুপার কাপ এবার তুরস্কে
নতুন ফরম্যাটে প্রতিযোগিতাটি নিয়মিত হয়ে আসছিল সৌদি আরবে, পরের বারই অবশ্য আবার সেটা ফিরতে পারে এই দেশে।
এবারের স্প্যানিশ সুপার কাপের ভেন্যু চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে, তুরস্কের রাজধানী ইস্তানবুলে হবে আসরটি।
২০২০ সাল থেকে নতুন ফরম্যাটে চার দল নিয়ে হয়ে আসছে টুর্নামেন্টটি, এবং সেই থেকে মাঝে একটি বাদে, প্রতিটি আসর হয়েছে সৌদি আরবে।
কিন্তু এবার, সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়, সুপার কাপ তুরস্কে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
আগামী ২ থেকে ৭ ফেব্রুয়ারি সময়ের মধ্যে হবে আসরটি।
লা লিগার আগের মৌসুমের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং কোপা দেল রের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এই শিরোপা লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ পায়।
এবার এক সেমি-ফাইনালে লড়বে গতবারের কোপা দেল রে চ্যাম্পিয়ন রেয়াল সোসিয়েদাদ ও লা লিগা রানার্সআপ রেয়াল মাদ্রিদ এবং আরেকটিতে লড়বে লা লিগা শিরোপাধারী বার্সেলোনা ও কোপা দেল রে রানার্সআপ আতলেতিকো মাদ্রিদ।
২০২৮ সালের স্প্যানিশ সুপার কাপ আবার ফিরবে সৌদি আরবে।
প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনা গত দুই আসরের শিরোপা জিতেছে।
