১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বালোগনের লাল কার্ড স্থগিতের বিরুদ্ধে আপিলের সুযোগ পেল বেলজিয়াম

সিয়াটলের ম্যাচ শুরু হওয়ার ১২ ঘণ্টা আগে, বেলজিয়ামকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিজেদের বক্তব্য পেশ করতে বলা হয়েছে।

বালোগনের লাল কার্ড স্থগিতের বিরুদ্ধে আপিলের সুযোগ পেল বেলজিয়াম
যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 03:58 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

যুক্তরাষ্ট্র ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ড ইস্যুতে বেশ জমেছে বিতর্ক। গণমাধ্যমের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফোনে যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকারের লাল কার্ড স্থগিত করেছে ফিফা। এই বিতর্কের আগুনে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া ঘি ঢেলেছেন, কড়া সমালোচনা করে। এবার খবর এসেছে, ফিফার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ অন্তত পাচ্ছে বেলজিয়াম।

সরাসরি লাল কার্ড পাওয়ায় বালোগনের বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোয় ম্যাচটি খেলতে পারার কথা নয়। তবে, ফিফা রোববার জানায়, এক ম্যাচের নিষেধাজ্ঞাটি স্থগিত করা হয়েছে। এরপরই রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘সমস্ত সম্ভাব্য বিকল্প’ খতিয়ে দেখবে তারা।

‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আরবিএফএ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আপিল করার জন্য ফিফাকে চিঠি লেখে, যা মঞ্জুর করা হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুটি দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আরবিএফএ ও  ইউএস সকারকে সিয়াটলের ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের ঠিক ১২ ঘণ্টা আগে, অর্থাৎ স্থানীয় সময় অনুযায়ী, ভোর ৫টার মধ্যে তাদের বক্তব্য পেশ করতে বলা হয়েছে। 

দুই পক্ষের বক্তব্য শোনার জন্য ফিফা আপিল কমিটির একজন সদস্যকে নির্বাচিত করা হয়েছে। এই সদস্য উয়েফা বা কনকাফাফ-এর কোনো ফেডারেশনের সাথে যুক্ত নন।

বাংলাদেশ সময়, মঙ্গলবার ৬টায় (এএম) সিয়াটলে মুখোমুখি হবে দুই দল। দুই পক্ষের বক্তব্য শুনানির পর, ম্যাচের আগে কোনো রায় দেওয়া হবে কিনা, সে বিষয়ে বেলজিয়ামকে অবশ্য কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।

শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে লাল কার্ড দেখেন বালোগন। ম্যাচটিতে প্রথমার্ধে তার গোলেই এগিয়ে যায় সহ-আয়োজকরা। ৬৪তম মিনিটে প্রতিপক্ষের তারিক মুহারেমোচকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ২৫ বছর বয়সী ফুটবলার।

নিয়ম অনুযায়ী, স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয় বালোগনের। তবে ফিফা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকবে। এই ইস্যুতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বেলজিয়াম কোচ গার্সিয়া ক্ষোভ উগরে দেন। বলেন, সবাইকে বোকা বানিয়েছে ফিফা।

“আমি জানতাম না যে, ফিফা বিশ্বকাপে এখন ৫ জুলাইকে ১ এপ্রিল মনে করা হয়, আর এটা এপ্রিল ফুল’স ডে (বোকা বানানোর দিন)।”

ফিফার স্বপ্রণোদিত হয়ে নেওয়া এমন সিদ্ধান্ত নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের খবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডলান্ড ট্রাম্প গত বুধবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফরোয়ার্ড বালোগনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেন। এরপরই আসে ফিফার এই সিদ্ধান্ত। যেখানে লাল কার্ড ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগই ছিল না!

বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে স্রেফ দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের মাঝপথে কোনো খেলোয়াড়ের ‘নিষেধাজ্ঞা তুলে নেওয়ার’ ঘটনা ঘটল। প্রথমটি ঘটেছিল ছয় দশকের বেশি সময় আগে। ১৯৬২ বিশকাপের সেমি-ফাইনালে চিলির এক খেলোয়াড়কে লাথি মেরে লাল কার্ড দেখেন ব্রাজিলের গারিঞ্চা। তাকে ফাইনালে খেলার অনুমতি দিয়েছিল ফিফা।