চোট নিয়ে জাতীয় দলে লিভারপুলের ইসাক, একই কারণে বাইরে আর্সেনালের ইয়োকেরেশ
আগামী বিশ্বকাপে সুইডেনের খেলার আশা অবশ্য নেই বললেই চলে।
কুঁচকির চোটে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে আছেন আলেকসান্দার ইসাক, খেলতে পারছেন না ক্লাবের হয়ে। তবু তাকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছেন সুইডেন কোচ গ্রাহাম পটার।
চোটে ভুগছেন আক্রমণভাগের আরেক তারকা ভিক্তর ইয়োকেরেশ। আর্সেনালের এই ফরোয়ার্ডকে অবশ্য আসছে দুই ম্যাচের দলে রাখেননি পটার।
আগামী বছরের বিশ্বকাপের জন্য বাছাইপর্বে সময়টা খুব খারাপ কাটছে সুইডেনের। প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে যাওয়ায় তাদের সরাসরি বিশ্বকাপের টিকেট পাওয়ার আশা শেষ হয়ে গেছে। ১ পয়েন্ট নিয়ে আছে চার দলের মধ্যে তলানিতে।
কাগজে-কলমে দলটির রানার্সআপ হয়ে প্লে-অফ খেলার ক্ষীণ আশা টিকে আছে। সেজন্যও বাকি সব ম্যাচে তাদের জিততে হবে এবং গ্রুপের অন্যান্য সব ম্যাচের ফল পক্ষে আসতে হবে।
দলের এমন কঠিন অবস্থায় গত মাসে দায়িত্ব পেয়েছেন পটার। ভীষণ কঠিন চ্যালেঞ্জ সামলে নিয়ে বুধবার প্রথম দল ঘোষণা করেন এই ইংলিশ কোচ। যেখানে ইসাকের সেরে ওঠার আশায় আছেন তিনি।
আগামী ১৫ নভেম্বর ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে সুইডেন। তিন দিন পর তাদের প্রতিপক্ষ স্লোভেনিয়া, ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে কসোভো।
নিউক্যাসল ইউনাইটেড থেকে গত সেপ্টেম্বরে সাড়ে ১২ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দেওয়া ইসাক গত মাসে চোটে পড়েন। সেই থেকে দলের সবশেষ চার ম্যাচে খেলতে পারেননি তিনি।
আর পেশির চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন ইয়োকেরেশ। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে স্লাভিয়া প্রাহার বিপক্ষে আর্সেনালের ৩-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি।
