১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সেই জয় ভুলে রেয়ালের বিপক্ষে নতুন চ্যালেঞ্জ দেখছেন সিমেওনে-কোকে

নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠতে শতভাগের বেশি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন আতলেতিকো মাদ্রিদের অধিনায়ক কোকে।

সেই জয় ভুলে রেয়ালের বিপক্ষে নতুন চ্যালেঞ্জ দেখছেন সিমেওনে-কোকে
সংবাদ সম্মেলনে আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে (বাঁয়ে) ও অধিনায়ক কোকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 10:44 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

আবারও যখন মুখোমুখি রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ, ঘুরে-ফিরে আসছে দুই দলের সবশেষ সাক্ষাতের স্মৃতি। যেখানে নগর প্রতিদ্বন্দ্বীদের গুঁড়িয়ে দিয়েছিল আতলেতিকো। তবে সেই ডার্বির সঙ্গে আসছে ম্যাচকে মেলাতে চান না দলটির কোচ দিয়েগো সিমেওনে ও অধিনায়ক কোকে। এবারের লড়াই পুরোপুরি ভিন্ন বলে মনে করেন তারা।

সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে বৃহস্পতিবার রেয়ালের মুখোমুখি হবে আতলতিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

সবশেষ দেখায় গত সেপ্টেম্বরে লা লিগার ম্যাচে ঘরের মাঠে রেয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল আতলেতিকো। রেয়ালের বিপক্ষে সবশেষ সাত ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা।

বুধবার সংবাদ সম্মেলনে সিমেওনে বললেন, অতীতের কোনো কিছুই আসছে ম্যাচে কাজে আসবে না।   

“প্রতিটি ম্যাচই আগের ম্যাচগুলো থেকে আলাদা। মেত্রোপলিতানোর ম্যাচটির সঙ্গে আগামীকালের ম্যাচের সম্পর্ক নেই। এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমরা প্রত্যেকেই আমাদের সর্বোচ্চটা দিয়ে ম্যাচটি খেলার চেষ্টা করব।”

একই সুর আতলেতিকোর অধিনায়ক ও অভিজ্ঞ মিডফিল্ডার কোকের কণ্ঠেও। 

“সবশেষ ডার্বি কোনো প্রভাব ফেলবে না। আমরা দুর্দান্ত ম্যাচ খেলেছিলাম। তবে অনেক কিছু ঘটতে পারে। আমাদের লক্ষ‍্য খুব পরিষ্কার এবং আমরা এর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা জয়ের জন্য শতভাগের বেশি দেব।”

“আমরা কোনো শিরোপার সবচেয়ে কাছাকাছি আছি। বিশ্বের সেরা দলগুলোর একটি রেয়াল মাদ্রিদের বিপক্ষে আমাদের আরও এক ধাপ এগোতে হবে এবং কাজটা খুবই কঠিন। আমরা ফাইনাল উঠতে, শিরোপা জিততে চাই।”

আগামী রোববারের ফাইনালের একটি প্রতিপক্ষ চূড়ান্ত হবে বুধবার, এদিন আরেক সেমি-ফাইনালে লড়বে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা ও আথলেতিক বিলবাও।