ইংলিশ ফুটবল
Published : 01 Feb 2026, 07:07 PM
ম্যাচের সপ্তম মিনিটেই গোল হজম করা চেলসির জালে বিরতির আগে বল জড়ায় আরও একবার। ওই সময়ে দলের বিবর্ণ পারফরম্যান্সে দুয়ো দিচ্ছিলেন সমর্থকরা। ইংলিশ ক্লাবটির কোচ লিয়াম রোসেনিয়ার বললেন, প্রথমার্ধে নিজেদের মানের ধারেকাছেও ছিলেন না তারা। দর্শক সারিতে থাকলে তখন তিনি নিজেও দুয়ো দিতেন।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়া চেলসি অবশ্য দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। ৫৭তম মিনিটে ব্যবধান কমান জোয়াও পেদ্রো। ১৩ মিনিট পর দলকে সমতায় ফেরায় মার্ক কুকুরেইয়া।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনসো ফের্নান্দেসের গোলে ৩-২ ব্যবধানে জিতে উল্লাসে মাতে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। শনিবারের দারুণ এই জয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ওঠে তারা।
ঘরের মাঠে শুরুর বিবর্ণতা পেছনে ফেলে সমর্থকদের মুখে শেষ পর্যন্ত হাসি ফোটাতে পেরে ভীষণ খুশি রোসেনিয়ার। ম্যাচ শেষে তিনি বলেন, দ্বিতীয়ার্ধে দলকে আরও বেশি উজ্জীবিত করেছে দর্শকদের সমর্থন।
“এটা বলতেই হবে যে, দ্বিতীয়ার্ধে সমর্থকরা অসাধারণ ছিল। দ্বিতীয়ার্ধের দুই মিনিট পর থেকেই তারা আমাদের সঙ্গে ছিল, (প্রথমার্ধে) তাদের দুয়ো দেওয়া ঠিকই ছিল।”
“প্রথমার্ধে আমি নিজেও আমাদের দুয়ো দিতাম। ওই সময়ের প্রাণশক্তি, সিদ্ধান্ত গ্রহণ, সামগ্রিক সবকিছু বিবেচনায় পারফরম্যান্স আমাদের মানের ধারেকাছেও ছিল না।”
২৪ ম্যাচে ১১ জয় ও সাত ড্রয়ে ৪০ পয়েন্ট চেলসির। তাদের চেয়ে ১৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।