২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

'নেইমারকে ছাড়াই পিএসজি ভারসাম্যপূর্ণ দল'

ক্রিস্তফ গালতিয়ে অবশ্য মনে করেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থাকলে দল হিসেবে আরও শক্তিশালী হতেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2023, 04:23 PM

Updated : 08 Mar 2023, 05:59 PM

শক্তিশালী 'ত্রিফলা' আক্রমণের সদস্য নেইমারের মৌসুম শেষ হয়ে গেছে চোটের থাবায়। পিএসজির জন্য যা নিঃসন্দেহে বড় এক ধাক্কা। ক্রিস্তফ গালতিয়েও তা মানছেন। তবে তার বিশ্বাস, নেইমারের অনুপস্থিতিতে পিএসজি আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে।

গোড়ালির চোট সারাতে অস্ত্রোপচারের কারণে মৌসুমের বাকি অংশের জন্য ছিটকে গেছেন নেইমার। চোটের আগে বেশ ভালো ফর্মে ছিলেন এই তারকা। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে তার অনুপস্থিতি তাই পিএসজিকে সমস্যায় ফেলতে পারে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪টি গোলে সরাসরি অবদান রাখেন নেইমার। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে এই তালিকায় তার আগে আছেন কেবল পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে (৩৭টি) ও ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড (৩৮টি)।

আক্রমণে তাই ৩১ বছর বয়সী এই ফুটবলারের অভাব মিস করারই কথা পিএসজির। গালতিয়ে অবশ্য ভাবছেন ভিন্নভাবে। নেইমারকে না পাওয়ার মধ্যেও তিনি খুঁজে নিতে চান ইতিবাচক দিক।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের মহারণে বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে পিএসজি। প্রথম লেগের লড়াইয়ে নিজেদের মাঠে ১-০ গোলে হেরে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে গালতিয়ের দল।

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমার প্রসঙ্গে গালতিয়ে বলেন, এই ফরোয়ার্ডের অনুপস্থিতি আক্রমণভাগকে সমস্যায় ফেললেও তা কাটিয়ে ওঠার সামর্থ্য আছে তাদের।

“আমি দেখছি এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। (আমাদের জন্য) স্পষ্টতই এটা একটা ক্ষতি। দল কি আরও ভারসাম্যপূর্ণ হবে? হ্যাঁ। (নেইমারকে হারান) এটা কি ভালো? আমি অবশ্যই বলব তার থাকাটা গোল করার জন্য ভালো হতো। তাছাড়া আমরা খুব কম শক্তিশালী স্কোয়াড নিয়েও প্রথম লেগে খেলেছিলাম।”