Published : 14 Aug 2025, 03:23 AM
প্রথম এক ঘন্টায় দাপুটে ফুটবলের পসরা মেলে ধরল টটেনহ্যাম হটস্পার। পিএসজিকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সেই দলই পরাজয়ের দুয়ার থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ দিকে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে ম্যাচ নিয়ে গেল টাইব্রেকারে। সেখানে বাজিমাত করল তারাই। ইংলিশ দলটির স্বপ্ন ভেঙে উয়েফা সুপার কাপ জিতল ফরাসি চ্যাম্পিয়নরা।
ইতালির উদিনেতে বুধবার রাতে ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল টটেনহ্যাম। সেখান থেকে যোগ করা সময়ের দুই মিনিট বাকি থাকতে ২-২ সমতা টানে পিএসজি। লড়াই গড়ায় সরাসরি টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলের জয় পায় লুইস এনরিকের দল।
দুই ডিফেন্ডার মিকি ফন দে ফেন ও ক্রিস্তিয়ান রোমেরোর গোলে ৪৮ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। পিএসজির দুই গোল করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা দুই খেলোয়াড়- লি কাং-ইন ব্যবধান কমানোর পর সমতা ফেরান গন্সালো রামোস।
পেনাল্টি শুটআউটে পিএসজির প্রথম শট ভিতিনিয়া পোস্টে মারলেও, জালের দেখা পান তাদের পরের চার জন। টটেনহ্যামের মিকি ফন দে ফেনের শট ঠেকান পিএসজির নতুন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে, বাইরে মারেন মাথিয়াস তেল।
প্রথম ফরাসি ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি। মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই।

গত মে মাসে ফাইনালে ইন্টার মিলানকে গুঁড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। একই মাসে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ১৭ বছরের শিরোপা খরা কাটায় টটেনহ্যাম। তিন মাসের কম সময়ের মধ্যে আরেকটি ট্রফি জয়ের খুব কাছে গিয়েও পারল না তারা।
সন হিউং-মিনের বিদায়ের পর টটেনহ্যামের অধিনায়কত্ব পাওয়ার দিনের উপলক্ষটা ট্রফির ছোঁয়ায় রাঙানো হলো না রোমেরোর। দলটির কোচ হিসেবে টমাস ফ্র্যাঙ্কের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল এটি।
অল্পের জন্য এক মাসের মধ্যে দুটি শিরোপা লড়াইয়ের মঞ্চে ইংলিশ দলের বিপক্ষে হারের হাত থেকে রক্ষা পেল পিএসজি। গত মাসে নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে তাদের ৩-০ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল চেলসি।
সুপার কাপে পিএসজি বল নিজেদের কাছে রাখে গোটা ম্যাচে ৭৪ শতাংশ। কিন্তু প্রথমার্ধে গোলের জন্য চারটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে তাদের আট শটের তিনটি ছিল লক্ষ্যে। প্রথমার্ধে আট শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে টটেনহ্যাম। বিরতির পর তাদের পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল।
ম্যাচের শুরু থেকে পিএসজিকে চেপে ধরে টটেনহ্যাম। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। অনেকটা সময় তাদের আটকে রাখতে পারলেও ৩৯তম মিনিটে আর পারেনি ফরাসি দলটি।
কদিন আগে বায়ার্ন মিউনিখ থেকে ধারে টটেনহ্যামে আসা জোয়াও পালিনিয়ার কাছ থেকে নেওয়া ভলি পিএসজি গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। ফিরতি বল জালে পাঠিয়ে টটেনহ্যামকে উল্লাসে ভাসান ডাচ ডিফেন্ডার ফন দে ফেন।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক রোমেরো। পেদ্রো পারোর ফ্রি-কিকে হেডে গোলটি করেন আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী ডিফেন্ডার।
দুই গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণে ধার বাড়ায় পিএসজি। ৬৫তম মিনিটে টটেনহ্যামের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি তারা।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ব্যবধান কমান লি কাং-ইন। বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে লক্ষ্যভেদ করেন দক্ষিণ কোরিয়ার উইঙ্গার। ছয় মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডান দিক থেকে উসমান দেম্বেলের ক্রসে ছয় গজ বক্সের মুখে দারুণ হেডে সমতা টানেন রামোস।
এরপর টাইব্রেকারের রোমাঞ্চে জিতে ট্রফি উঁচিয়ে ধরল গত মৌসুমে ট্রেবল জয়ী পিএসজি।