১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ক্যারিকের কথায় ডি লিখটের বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে

এই সেন্টার-ব্যাকের চোট থেকে সেরে উঠতে ধারণার চেয়ে বেশি সময় লাগছে।

ক্যারিকের কথায় ডি লিখটের বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে
মাটাইস ডি লিখট। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 04:55 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

পিঠের চোটে মাটাইস ডি লিখটের মাঠের বাইরে থাকার সময় সাড়ে তিন মাস পেরিয়ে গেছে। তার সেরে উঠতে আরও কতদিন লাগবে, জানেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। ফলে, ডাচ এই সেন্টার-ব্যাকের আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা কমছে আরও।

গত নভেম্বরের শেষ দিনে প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর থেকে পিঠের সমস্যায় বাইরে আছেন ডি লিখট। তার সেরে ওঠার প্রক্রিয়া শুরুতে যেমনটা ভাবা হয়েছিল, তার চেয়ে ধীর গতিতে হচ্ছে। আর এটাই তার বিশ্বকাপে খেলার অনিশ্চতা বাড়াচ্ছে।

আগামী ১১ জুন উত্তর আমেরিকায় বসবে আগামী ফুটবল বিশ্বকাপ। আগামী ১৪ জুন জাপানের বিপক্ষে মাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে নেদারল্যান্ডসের। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তিউনিসিয়া ও উয়েফার প্লে-অফ পেরিয়ে আসা একটি দল।

ডি লিখটের চোট প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিকদের ক্যারিক বলেন, “পিঠের সমস্যার ক্ষেত্রে এটা ওই সমস্ত চোটগুলোর মতো, যেক্ষেত্রে কখনও মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, ঠিক তখনই হঠাৎ করে মনে হবে ঠিক নেই।” 

“আমরা অবশ্যই তাকে সময় দিব এবং যত দ্রুত সম্ভব তাকে পাওয়ার চেষ্টা করব। তবে এটা (সে কবে ফিরবে) সত্যিই বলা কঠিন। আমি কোনোকিছু লুকানোর চেষ্টা করছি না। এই মুহূর্তে সত্যিই আমরা জানি না (সে কবে ফিরবে), আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কী হয়।”

মৌসুমের এই শেষ ধাপে ডি লিখটের ফেরা ইউনাইটেডের জন্যও খুব দরকার। শুরুর ভাগের ব্যর্থতা ঘুচিয়ে, ক্যারিকের কোচিংয়ে প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার আশা জাগিয়েছে তারা। 

৩০ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা।

লিগে পরের রাউন্ডে শুক্রবার বোর্নমাউথের মাঠে খেলবে ক্যারিকের দল।