২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রথমার্ধের পারফরম‍্যান্সে ক্ষুব্ধ লেভানদোভস্কি

প্লে অফ পর্বে খেলায় কোনো ঘাটতি দেখতে চান না পোল‍্যান্ড অধিনায়ক।

প্রথমার্ধের পারফরম‍্যান্সে ক্ষুব্ধ লেভানদোভস্কি
রবের্ত লেভানদোভস্কি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 06:13 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপে খেলার স্বপ্ন বেঁচে আছে পোল‍্যান্ডের। তবে মাল্টার বিপক্ষে দলের প্রথমার্ধের পারফরম‍্যান্সে খুব আশাবাদী হতে পারছেন না অধিনায়ক রবের্ত লেভানদোভস্কি। তাই প্লে অফ পর্বে খেলায় উন্নতির তাগিদ দিলেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। সঙ্গে ড্রয়েও চাইলেন ভাগ‍্যের সহায়তা।    

বিশ্বকাপ বাছাইয়ে সোমবার ৩-২ গোলে জিতে ‘জি’ গ্রুপ রানার্সআপ হয় পোল‍্যান্ড। গ্রুপ সেরা হয়ে সরাসরি চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় নেদারল‍্যান্ডস।  

ম্যাচ শেষে দলের খেলা নিয়ে হতাশা ঝরল বার্সেলোনা তারকা লেভানদোভস্কির কণ্ঠে। 

“প্রথমার্ধে আমরা খুব মন্থর ছিলাম। সেটা শুধু রক্ষণে নয়, আক্রমণেও। আমরা খুব ধীরে খেলছিলাম এবং ম‍্যাচে ঢুকতে পারছিলাম না। প্রতিপক্ষকে অনেক বেশি জায়গা দিয়েছি। অনেক কিছুতে ঘাটতি ছিল। এটা আমাদের মানের খেলা ছিল না, তবে শেষপর্যন্ত জিতেছি।”

ইতালি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্রের মতো শক্তিশালী কিছু দল খেলবে প্লে অফ পর্বে। এখান থেকে চারটি দল জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে। ৩৭ বছর বয়সী লেভানদোভস্কি এখন আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন ড্রয়ের দিকে। 

“আশা করি, প্লে অফে কোনোকিছুর ঘাটতি থাকবে না এবং ড্রয়ে ভাগ‍্য আমাদের দিকে থাকবে। আশা করি, আগামী মার্চে আমরা বিশ্বকাপে যাওয়ার উৎসব করতে পারব।”