Published : 29 Nov 2025, 08:43 PM
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির গোলমুখের আগল খুলে দিলেন এমানুয়েল সানডে। এরপর একের পর এক গোল করলেন বাকিরা। বড় জয়ে বাংলাদেশ ফুটবল লিগ টেবিলের শীর্ষে উঠল বসুন্ধরা কিংস। চলমান লিগে দশ দলের মধ্যে এখন পর্যন্ত অজেয় থাকল কেবল তারাই।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার ৫-০ ব্যবধানে জিতেছে কিংস। চতুর্থ রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।
এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে লড়াই জমেছিল দারুণ। চার দলের ছিল সমান ৭ করে পয়েন্ট, এদের মধ্যে ছিল রহমতগঞ্জও। লিগের গত তিন ম্যাচের ঝলক কিংসের বিপক্ষে দেখাতে পারেনি পুরান ঢাকার দলটি, মাঠ ছেড়েছে লিগে প্রথম হারের তেতো স্বাদ নিয়ে।
রহমতগঞ্জের বিপক্ষে কিংস গোল পেতে পারত ষষ্ঠ মিনিটেই। নিজেদের অর্ধে বল পেয়ে এক ছুটে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়া রাকিব হোসেনের জোরাল শট ফিরিয়ে দেন গোলরক্ষক আলিফ মামুন।
২৭তম মিনিটে বক্সের বাইরে থেকে সানডের দুরপাল্লার শট দূরের পোস্টে লেগে জালে জড়ালে এগিয়ে যায় কিংস। এরপর নিয়মিত বিরতিতে গোল উৎসব করেছে লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
বিরতির আগে সানডের ক্রসে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। ৭২ মিনিটে কর্নার থেকে হেডে তপু বর্মন, দুই মিনিট পর কিউবা মিচেলের পাস থকে এমানুয়েল আগবাজি ঠিকানা খুঁজে নেন।
৭৮তম মিনিটে গোলের খাতায় নাম তোলেন দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো। রাকিবের ক্রসে হেডে আলিফকে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
চতুর্থ রাউন্ড ৭ করে পয়েন্ট নিয়ে শেষে কিংসের পরে আছে যথাক্রমে ব্রাদার্স ইউনিয়ন, ফর্টিস এফসি ও রহমতগঞ্জ। ৫ করে পয়েন্টে পিডাব্লিউডি ও পুলিশ এফসির। লিগের ঐতিহ্যবাহী দুই দল আবাহনী ও মোহামেডানের পয়েন্ট ৪ করে, গোল পার্থক্যে আবাহনী সপ্তম ও মোহামেডান আছে নবম স্থানে।