Published : 22 Aug 2026, 09:48 PM
দিনক্ষণ বদলের ‘রেওয়াজ’ বহাল থাকল। আগামী মঙ্গলবার থেকে বাংলাদেশ ফুটবল লিগ আয়োজনের আগের সিদ্ধান্তে অটল থাকতে পারল না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর শুরুর নতুন দিনক্ষণ জানিয়েছে বাফুফে। প্রায় এক মাস পর, ১৮ সেপ্টেম্বর শুরু হবে লড়াই।
বাফুফের নির্বাহী কমিটি শনিবার বৈঠকে বসেছিল। সেখানে ফেডারেশন কাপ, বাংলাদেশ ফুটবল লিগ আয়োজন নিয়ে নিয়ে নতুন দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। যেমন, ফেডারেশন কাপ শুরুর কথা ছিল ২৮ অগাস্ট, সেটি এক ঝটকায় পিছিয়ে দেওয়া হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর।
বসুন্ধরা কিংস, আবাহনী ও ফকিরেরপুল ইয়ংমেন্স-শুরুতে এই তিন দল ফিফার নিষেধাজ্ঞায় থাকার কারণে তারা দলবদল প্রক্রিয়া সম্পন্ন করতে পারছিল না। ইতোমধ্যে আবাহনী নিষেধাজ্ঞা মুক্ত হয়ে দল গুছিয়ে নিয়েছে অনেকটাই। দলবদলের সময়সীমা ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিযোগিতাগুলো পিছিয়ে দেওয়া হলেও তা ফিফার গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে, দাবি করেছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। সবগুলো দলের অংশগ্রহণ নিশ্চিত করার দিকে জোর দেওয়ার কথাও বললেন তিনি।
“না, না। আমি আপনাকে বলি, আমাদের যে একটা গাইডলাইন দেওয়া, এই তারিখের মধ্যে... আমি যদি ইচ্ছা করি, আমরা যে তারিখ এখন দিয়েছি, তার একটা দিন পরে যদি কেউ দলবদল করে, আমি ইচ্ছা করলেও তাকে ঢোকাতে পারব না। সব কিছু বন্ধ হয়ে যাবে। এটা ফিফা, এএফসির সাথে সংযুক্ত সবকিছু এবং এই তারিখটাই আমাদের শেষ তারিখ থাকবে।
“আমরা আসলে চাই প্রত্যেকটা দল আসুক। মোহামেডান ক্লাব দলবদল করেছে, আজকে আবাহনীও দলবদল করবে, বসুন্ধরা দলবদল করুক, ব্রাদার্স ইউনিয়ন দলবদল করুক, ওয়ান্ডারার্স ক্লাব দলবদল করুক, আমাদের আরামবাগ দলবদল করুক, যে দলগুলি আছে, প্রত্যেকটা দল নিয়ে আমাদের লিগটা যাতে অনেক সুন্দরভাবে, পরিপূর্ণভাবে শেষ করতে পারি এবং লিগটা যাতে সুন্দরভাবে হয়, সেটাই থাকবে আমাদের মূল উদ্দেশ্য।”
লিগ শুরু হলে তা চলমান রাখা নিয়েও অবশ্য থাকছে প্রশ্ন। কেননা, আগামী সেপ্টেম্বরের উইন্ডোতে শুরু হতে যাওয়া আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। এই প্রতিযোগিতার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো শুরু হবে ২৪ সেপ্টেম্বর।
এশিয়ান চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের খেলা আছে ফর্টিস এফসির। প্রিলিমিনারি রাউন্ড পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া ফর্টিসের খেলাগুলো শুরু হবে ১৭ অক্টোবর।