১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা কোচের চোখে, বেতিসের বিপক্ষে তার দল ‘খুবই বাজে’ খেলেছে

দুইবার এগিয়ে গিয়েও পয়েন্ট হারানোয় ভীষণ হতাশ হান্সি ফ্লিক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 04:46 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে তেমন ধার ছিল না বার্সেলোনার। একের পর এক আক্রমণে উল্টো তাদের ব্যতিব্যস্ত রাখে রেয়াল বেতিস। তাতে দুই দফায় এগিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি কাতালান ক্লাবটি। দলের এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

লা লিগায় শনিবার বেতিসের বিপক্ষে ২-২ সমতায় শেষ হয় বার্সেলোনার লড়াই। রবের্ত লেভানদোভস্কি ও ফেররান তরেসের গোলে দুই দফায় এগিয়ে যায় তারা। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি। জিওভানি লো সেলসোর সফল স্পট কিক ও যোগ করা সময়ে আসানে দিওয়ায়ের গোলে তাদের রুখে দেয় বেতিস।  

বার্সেলোনার জন্য ফল হতে পারতো আরও খারাপ। তবে বেতিস অসংখ্য সুযোগ হারানোয় সেটা আর হয়নি।

লিগে সবশেষ পাঁচ ম্যাচে স্রেফ একটিতে জিততে পেরেছে বার্সেলোনা। ড্র ও হার দুটি করে। এতে দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে গেছে তাদের। শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে তারা। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে ফ্লিকের দল। এক ম্যাচ কম খেলা রেয়ালের পয়েন্ট ৩৬।

বেতিসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে ফ্লিক বলেন, আরও অনেক উন্নতি করতে হবে তাদের।

“আমাদের জন্য এটা ভালো ম্যাচ ছিল না। আমাদের দলটি তরুণ এবং অনেক উন্নতি করতে হবে। এটাই আমাদের করতে হবে। বিষয়টি আমাদেরই ওপর নির্ভর করছে, প্রতিটি ম্যাচ জেতার সামর্থ্য আমাদের আছে; কিন্তু আমাদের সেটা করে দেখাতে হবে।”

দ্বিতীয়ার্ধে ফ্লিকের খেলোয়াড় বদল করা নিয়েও উঠছে প্রশ্ন। দলের সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কি, রাফিনিয়াসহ মিডফিল্ডার দানি ওলমো ও পেদ্রিকে তুলে নেন জার্মান কোচ। চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচ ভাবনা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ফ্লিক।

“আমি সেটা জানি (বদলি নামানোর বিষয়), কিন্তু আমরা শুরু থেকেই খুব বাজে খেলেছি। (ম্যাচে) প্রথম যে সময়টায় আমরা ভালো খেলেছিলাম, তা ছিল (৩৯ মিনিটে) লেভানদোভস্কির গোল।”

“আমি মনে করি, দলে পরিবর্তন আনার পর দ্বিতীয়ার্ধে আমরা ভালো করেছি। অবশ্যই আমাদের নতুন ও সতেজদের মাঠে নামাতেই হতো এবং আমরা সেটার চেষ্টাই করেছি। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আমাদের বড় ম্যাচ আছে। সেটাও আমাদের খেয়াল রাখতে হবে।”

ধারে বার্সেলোনা থেকে বেতিসে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতো খককে দ্বিতীয়ার্ধে ফ্রেংকি ডি ইয়ং ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ভিএআর মনিটরে লম্বা সময় ধরে দেখে এই সিদ্ধান্ত নেন রেফারি। তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ফ্লিক। এতে তাকে লাল কার্ড দেখান রেফারি।

এভাবে লাল কার্ড দেখবেন কখনও ভাবেননি ফ্লিক। তবে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চান না তিনি।

“আমি কাউকে কিছু বলিনি। এটা কেবল আমার নিজের একটা প্রতিক্রিয়া। আমাকে এটা মেনে নিতে হবে। আমি রেফারিদের নিয়ে কথা বলতে চাই না। আমি কখনো এটা করি না। আমার মনে হয়, ওই সময়ে ওটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া ছিল মাত্র, কারণ পেনাল্টি ছিল কিনা তা দেখতে দীর্ঘ সময় লাগে। যেহেতু এত সময় লেগেছে, তাই আমি নিশ্চিত নই যে এটা পরিষ্কার ছিল কিনা।”

“(লাল কার্ড পাওয়ায়) আমি সত্যিই হতাশ। ভেবেছিলাম, আমার সঙ্গে এমনটা কখনই ঘটবে না। কিন্তু এখানে হলো…আমাকে মেনে নিতে হবে।”