সমর্থকদের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান উপভোগ করতে বললেন জিরোনা কোচ
প্রথমবারের মতো ইউরোপ সেরার মঞ্চে খেলার সুযোগ পাওয়া স্প্যানিশ ক্লাবটির সবাইকে মাথা উঁচু করে থাকার পরামর্শ দিয়েছেন মিচেল।
ইউরোপের সব ক্লাবেরই চাওয়া থাকে চ্যাম্পিয়ন্স লিগে খেলা। প্রথমবারের মতো সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জিরোনার। টুর্নামেন্টে তাদের পথচলা যেমনই হোক না কেন, পুরো সময়টা সমর্থকদের স্রেফ উপভোগ করতে বলেছেন কাতালান ক্লাবটির কোচ মিচেল।
লা লিগার গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় জিরোনা। একটা সময় পর্যন্ত তো লা লিগার শিরোপা দৌড়ে রেয়াল মাদ্রিদের সঙ্গে পাল্লা দিচ্ছিল তারা। সেবার বার্সেলোনাকে দুই দেখায়ই হারিয়ে দেওয়া দলটি শেষ পর্যন্ত অবশ্য তৃতীয় হয়ে আসর শেষ করে।
এবারের মৌসুমের শুরুটা খুব একটা খারাপ হয়নি জিরোনার। তিন ম্যাচে জয়-পরাজয়-ড্র একটি করে। ২০২৪-২৫ মৌসুমে প্রথম জয় পায় তারা বৃহস্পতিবার। ঘরের মাঠে ওসাসুনাকে উড়িয়ে দেয় ৪-০ গোলে।
ম্যাচটি চলাকালেই মোনাকোয় অনুষ্ঠিত হয় ৩৬ দলের ২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। নতুন আঙ্গিকের এই প্রতিযোগিতায় নেই গ্রুপ পর্ব। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ; চারটি হোম ও চারটি অ্যাওয়ে।
জিরোনা ঘরের মাঠে খেলবে লিভারপুল, আর্সেনাল, ফেইনুর্ড ও স্লোভান ব্রাটিস্লাভার বিপক্ষে। স্প্যানিশ ক্লাবটির বাকি চারটি ম্যাচ পিএসজি, এসি মিলান, পিএসভি আইন্দহোভেন ও স্টুহাম খাৎসের মাঠে। শনিবার প্রকাশ করা হবে লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি।
ওসাসুনা ম্যাচ শেষে ডিএজেডএন-কে মিচেল বলেন, তার দলের সমর্থকদের উচিত মাথা উঁচু করে চলা।
“এটা (চ্যাম্পিয়ন্স লিগ) নিয়ে ভাবার সময় আমার ছিল না…আমি শুধু চাই আমাদের সমর্থকরা এই টুর্নামেন্টে ভালোভাবে প্রতিনিধিত্ব করুক এবং তাদের বলতে চাই, তারা যেন ইউরোপে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়।”
“গ্রুপের একটি দল যে লিভারপুল সেটা আমি ম্যাচের (লা লিগা) সময় জানতে পারি। আমি বিস্মিত হয়েছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে আমি এটি সম্পর্কে বেশি চিন্তা করিনি।”
জিরোনার পরের ম্যাচ আগামী রোববার, সেভিয়ার বিপক্ষে।
