২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টানা তিন পেনাল্টি ঠেকিয়ে গোলকিপারের চমক

টানা তিনটি শট নেওয়া হলো পেনাল্টিতে, অবিশ্বাস্যভাবে তিনটিই ঠেকিয়ে দিলেন তুর্কি এই গোলকিপার।

টানা তিন পেনাল্টি ঠেকিয়ে গোলকিপারের চমক
পেনাল্টি ঠেকিয়ে নায়ক বার্কে ওজার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 02:30 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

প্রথম পেনাল্টি ঠেকিয়ে উল্লাসে মেতে ওঠার পর দ্রুত থামতে হলো। শট নেওয়া হবে আবার। দ্বিতীয় শটেও পুনরাবৃত্তি। এবারও শট ঠেকিয়ে লাভ হলো না। রেফারির সিদ্ধান্ত, পেনাল্টি নেওয়া হবে আরও একবার! কিন্তু সেই গোলকিপারকে হারানো গেল না। টানা তিনটি শট ঠেকিয়ে নায়ক হয়ে গেলেন লিলের গোলকিপার বার্কে ওজার।

ইউরোপা লিগে বৃহস্পতিবার রোমার বিপক্ষে লিলের ১-০ গোলের জয়ে দেখা যায় ওই নাটকীয়তা।

ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়া লিল ওই গোলই ধরে রাখে শেষ পর্যন্ত। ঘরের মাঠে ৮১তম মিনিটে সমতায় ফেরার বড় সুযোগ আসে রোমার। লিলের ডিফেন্ডার এইসা মেন্দি হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ইতালির ক্লাবটি।

শট নিতে এগিয়ে যান আর্তেম দোভবিক। তার বাঁ পায়ের শটে জোর ছিল না তেমন। গোলকিপার ওজারকে বিভ্রান্তও করতে পারেননি তিনি। অনায়াসেই ঠেকিয়ে দেন তিনি। ফিরতি বলেও কিছু করতে পারেননি দোভবিক। ছুটে গিয়ে বল বিপদমুক্ত করেন লিলের গোলকিপার।

ম্যাচ জিতে যেন শিরোপা জয়ের উল্লাস করল লিল, উদযাপনের মধ্যমণি বার্কে ওজার। ছবি: রয়টার্স।

ম্যাচ জিতে যেন শিরোপা জয়ের উল্লাস করল লিল, উদযাপনের মধ্যমণি বার্কে ওজার

সতীর্থদের সঙ্গে যখন উদযাপন করছেন ওজার, তখনই বিপত্তি। রেফারির সিদ্ধান্ত, গোলকিপার আগেই লাইন ছেড়ে আসায় শট নেওয়া হবে আবার। 

কিন্তু দোভবিকের এবারের শট হয়ে যায় আরও দুর্বল। গোলকিপারকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন ইউক্রেইনের ফরোয়ার্ড। ওজারের হাতে লেগে বল চলে যায় বাইরে।

কিন্তু এবারও লিলের ফুটবলার উদযাপনে মাঝে বাগড়া পড়ে রেফারির সিদ্ধান্তে। সেই একই কারণে পেনাল্টি আরও একবার!

এবার দোভবিকের জায়গায় শট নেওয়ার দায়িত্ব পান মাতিয়াস সৌলে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড শট নেন উল্টো প্রান্তে। তবে এবারও ঠিকঠাক আন্দাজ করতে পেরে ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন ওজার। 

এবার আর রেফারির বাগড়া আসেনি। পেনাল্টি ঠেকানোর উদযাপন একটু পর রূপ নেয় জয়ের উল্লাসে।