১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টানা দ্বিতীয়বার র‌্যাঙ্কিংয়ের চূড়ায় থেকে বছর শেষ আর্জেন্টিনার

বছরের শেষবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 11:50 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

কাতার বিশ্বকাপের আগে থেকে আর্জেন্টিনার যে উর্ধ্বমুখী যাত্রা শুরু হয়েছে, তা চলছে এখনও। তাদের ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়েও। র‌্যাঙ্কিংয়ের চূড়ায় থেকে টানা দ্বিতীয় বছর শেষ করতে যাচ্ছে বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। 

গত নভেম্বরে ফিফার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের পর মাত্র ২১টি আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়িয়েছে। ফলে বৃহস্পতিবার প্রকাশিত এবারের র‌্যাঙ্কিংয়ে খুব বেশি পরিবর্তন আসেনি।

শীর্ষ দশেও নেই কোনো বদল। তালিকার প্রথম তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধানও খুব বেশি নয়। এক হাজার ৮৬৭.২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় লিওনেল মেসির দল। এক হাজার ৮৫৯.৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স এবং এক হাজার ৮৫৩.২৭ পয়েন্ট নিয়ে তিনে এবারের ইউরো জয়ী স্পেন।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গত আসরের রানার্সআপ ইংল্যান্ড এক হাজার ৮১৩.৮১ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চতুর্থ স্থানে ও ভীষণ খারাপ সময়ের মধ্যে বছর পার করা ব্রাজিল এক হাজার ৭৭৫.৮৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

পরের পাঁচটি স্থানে যথাক্রমে- পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।

বাংলাদেশের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি। ৮৯৮.৮১ পয়েন্ট নিয়ে আগের মতোই ১৮৫ নম্বরে আছে তারা।