১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল ম্যানচেস্টার সিটি

বিরতির পর ছন্দ হারিয়ে ফেললেও, জিততে কোনো সমস্যাই হয়নি পেপ গুয়ার্দিওলার দলের।

আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল ম্যানচেস্টার সিটি
দলের তৃতীয় গোল করার পর ফিল ফোডেনের সঙ্গে আর্লিং হলান্ডের উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 04:24 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

দারুণ পারফরম্যান্সে প্রথমার্ধেই ম্যাচ নিয়ন্ত্রণে নিল ম্যানচেস্টার সিটি। বাকি সময়েও জাল অক্ষত রেখে টানা দ্বিতীয় জয় পেল পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাস স্টেডিয়ামে বুধবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। অ্যান্টোয়ান সেমেনিও দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান নিকো ও’রাইলি। বিরতির আগেই তৃতীয় গোলটি করেন আর্লিং হলান্ড।

দারুণ এই জয়ের পর শীর্ষস্থানের সঙ্গে সিটির ব্যবধান এখন কেবল ৩ পয়েন্টের। 

২৬ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

গত ডিসেম্বরে ফুলহ্যামের মাঠে নাটকীয়তায় ভরা লড়াইয়ে ৫-৪ গোলে জিতেছিল সিটি। আসরে ফিরতি দেখায় প্রতিপক্ষকে অবশ্য কোনো সুযোগই দেয়নি তারা।

প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে সিটি তিনবার বল পাঠালে ম্যাচটা একপেশে হয়ে যায়। একচেটিয়া চাপ ধরে রেখে ২৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। কাছ থেকে গোলটি করেন সেমেনিও।

দ্বিতীয় গোলেও জড়িয়ে সেমেনিওর নাম। ঘানার এই ফরোয়ার্ডের ছোট পাস ছয় গজ বক্সের বাঁদিকে পেয়ে, প্রথম ছোঁয়ায় শটে গোলরক্ষককে পরাস্ত করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার ও’রাইলি। 

আর ৩৯তম মিনিটে ফিল ফোডেনের পাস পেয়ে, ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন হলান্ড। মাঝে সাত ম্যাচে একটি মাত্র গোল করতে পারা নরওয়ের এই তারকা এবার টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন।

এই বছরে প্রিমিয়ার লিগে হলান্ডের এটি তৃতীয় গোল। আগের দুটি করেছিলেন পেনাল্টি থেকে।

এবারের প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে তার গোল হলো ২২টি, আসরের সর্বোচ্চ। সব মিলিয়ে মৌসুমে তার গোল ২৯টি।

ফন ডাইকের গোলে জয়ে ফিরল লিভারপুল

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কয়েক মিনিটের মধ্যে ভালো কয়েকটি আক্রমণ করে ফুলহ্যাম। যদিও ব্যবধান কমাতে পারেনি তারা।

এই অর্ধে সিটির আক্রমণেও তেমন ধার ছিল না। এজন্য অবশ্য মূল লক্ষ্য পূরণে কোনোরকম ভাবনায় পড়তে হয়নি তাদের।

দুই ম্যাচ পর লিগে জয়ের দেখা পেয়েছে অ্যাস্টন ভিলা। একই সময়ে শুরু আরেক ম্যাচে ব্রাইটনকে ১-০ গোলে হারিয়েছে তারা।

২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভিলা।