Published : 13 Feb 2025, 03:57 PM
ফুটবল মাঠে প্রায় সময়ই কোনো বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে রেফারিকে অনেক খেলোয়াড়ের ঘিরে ধরতে দেখা যায়। রেফারির পেশাদার দায়িত্ব পালনে যা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যেন এরকম অবস্থা তৈরি না হয়, সেজন্য নতুন নিয়ম করা হয়েছে। ম্যাচ চলাকালীন কোনো বিষয় নিয়ে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন কেবল দলের অধিনায়ক।
বিষয়টি মঙ্গলবার এক খোলা চিঠিতে বিস্তারিত জানিয়েছেন উয়েফার রেফারি পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক রবের্তো রসেত্তি। সঙ্গে এটাও জানানো হয়েছে, যদি অন্য কোনো খেলোয়াড় অসম্মান দেখিয়ে বা ভিন্নমত পোষণ করে রেফারির সঙ্গে কথা বলতে যায়, তাহলে তাকে হলুদ কার্ড দেখানো হবে।
“আধুনিক ফুটবলে রেফারির দায়িত্ব পালন করা খুব কঠিন। ম্যাচ চলাকালীন একজন অফিসিয়ালকে ২০০ থেকে ২৫০টির মতো সিদ্ধান্ত নিতে হয়-প্রায় প্রতি ২২ সেকেন্ডে একটি করে-এবং সেটা কঠিন ও মাঝেমধ্যে বিতর্কিত পরিস্থিতিতে এবং প্রবল চাপের মুখে। প্রতিটি সিদ্ধান্ত নিয়ে সুক্ষ্ম বিশ্লেষণ করা হয় এবং দর্শক ও বিশেষজ্ঞরা অনেক কোণ থেকে দেখে থাকে।”
“তারা (রেফারি) ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির কাছ থেকে অনেক তথ্য পায় এবং কোনো সিদ্ধান্ত কেন ও কিভাবে নেওয়া হলো, সে বিষয়ে আমরা বিস্তারিত খেলোয়াড় ও কোচদের জানাতে প্রস্তুত।”
রসেত্তি আরও জানিয়েছেন, নতুন এই নিয়ম পছন্দ করেছে কোচ ও খেলোয়াড়রা।
নিজেদের সিদ্ধান্তের স্বপক্ষে তিনি আরও বলেন, ম্যাচ চলাকালীন ভীষণ ব্যস্ততার মধ্যে একজন রেফারির পক্ষে কোনোভাবেই ২২ জন খেলোয়াড়ের কাছে কোনো সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব না। এতে যোগাযোগের আরও বিঘ্ন ঘটতে পারে।
“আমরা চাই, প্রতিটি দল যেন নিশ্চিত করে যে তাদের অধিনায়কই কেবল রেফারির সঙ্গে কথা বলবে। আর অধিনায়কের নিশ্চিত করতে হবে, তার সতীর্থরা যেন রেফারির সঙ্গে কথা বলতে না যায় এবং রেফারিকে ঘিরে না ধরে।”
আর কোনো দলের অধিনায়ক যদি গোলরক্ষক হয়, সেক্ষেত্রে দলের পক্ষ থেকে একজন খেলোয়াড়কে মনোনীত করতে হবে, তিনি রেফারির সঙ্গে কথা বলবেন।
জার্মানিতে এবারের ইউরো শুরু হবে আগামী ১৪ জুন, এক মাসব্যাপী টুর্নামেন্টটি শেষ হবে ১৪ জুলাই।