১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১১ পরিবর্তন নিয়ে আধ ডজন গোল করে নকআউটে ম্যান সিটি

আগের ম্যাচের একাদশের সবাইকে বদল করে মাঠে নেমে গোলের উৎসব করে টুর্নামেন্টের পরের ধাপে পৌঁছে গেল পেপ গুয়ার্দিওলার দল।

১১ পরিবর্তন নিয়ে আধ ডজন গোল করে নকআউটে ম্যান সিটি
গিন্দোয়ানের গোলের পর ম্যান সিটির উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 05:54 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

দুই-তিনটি বা পাঁচ-ছয়টি নয়, ১১টি পরিবর্তন! আগের ম্যাচের একাদশের সবাইকে বাইরে রেখে পুরো ভিন্ন একাদশ মাঠে নামালেন পেপ গুয়ার্দিওলা। স্কোয়াডের গভীরতাই যেন মেলে ধরলেন কোচ। সেই দল তাকে হতাশ করল না। অভিজ্ঞ ইলকাই গিন্দোয়ানের সঙ্গে জ্বলে উঠলেন তরুণরাও। গোলের উৎসব করে নকআউট পর্বে পা রাখল ম্যানচেস্টার সিটি।

ক্লাব বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে আটলান্টায় আল-আইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করে পরের ধাপে পৌঁছে গেল ম্যানচেস্টার সিটি। 

প্রথম ম্যাচে ওয়াইদাদ এসিকে ২-০ গোলে হারিয়েছিল সিটি। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইন প্রথম ম্যাচে ৫ গোল হজম করেছিল ইউভেন্তুসের কাছে।

বাংলাদেশ সময় সোমবার সকালে শেষ হওয়া ম্যাচে সিটি শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে আল-আইনের ওপর। অষ্টম মিনিটে প্রথম গোল পেয়ে যায় তারা। বক্সের ভেতর একজনকে কাটিয়ে জটলার ওপর দিয়ে বাঁ পায়ে দারুণ এক চিপ করেন গিন্দোয়ান। গোলকিপারের ওপর দিয়ে আশ্রয় নেয় তা জালে। 

সিটির জার্সিতে প্রথমবার শুরুর একাদশে জায়গা পেয়ে প্রথম গোলের স্বাদ পান ক্লাউদিয়া এচেভেররি। ১৯ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার ২৭তম মিনিটে জালের দেখা পান নিখুঁত এক বাঁকানো ফ্রি-কিক থেকে।

আর্লিং হলান্ডের গোল উদযাপন। ছবি: রয়টার্স।

আর্লিং হলান্ডের গোল উদযাপন

৩২তম মিনিটে আর্লিং হলান্ডের হেড ফিরে আসে গোলপোস্টে লেগে। ৪১তম মিনিটে তার শট বাইরে চলে যায় অল্পের জন্য। প্রথমার্ধের শেষ দিকে তার পেনাল্টি গোলেই ব্যবধান হয় ৩-০।

গিন্দোয়ান নিজের দ্বিতীয় গোলটি করেন ৭৩তম মিনিটে। গোছানো আক্রমণ থেকে দারুণভাবে ভেতরে ঢুকে বল বাড়িয়ে দেন বের্নাদো সিলভা। আল-আইনের রক্ষণভাগের দুর্বলতার সুযোগে অনায়াসেই গোলকিপারকে পরস্তা করেন গিন্দোয়ান। 

পরের গোল দুটি আসে বদলি নামা দুজনের কাছ থেকে। ৮৪তম মিনিটে রদ্রির পাস থেকে বল পেয়ে বক্সের ভেতর একটু কারিকুরি করে আচমকা শটে গোল করেন ২১ বছর বয়সী ওস্কার বব।

এরপর ছিল সিটির নতুন একজনের প্রথম গোল পাওয়ার পালা। ৮৯তম মিনিটে আল-আইনের গোলকিপারের ভুলে বল পেয়ে হলান্ডের পাসে বক্সের মাথা থেকে গড়ানো শটে গোল করেন কদিন আগে দলে যোগ দেওয়া ২১ বছর বয়সী ফরাসি উইঙ্গার হায়ান শেহকি। 

ওয়াইদাদ এসিকে ৪-১ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে নকআউট নিশ্চিত করেছে ইউভেন্তুসও। গ্রুপের সেরা নির্ধারণে বৃহস্পতিবার তাদের মুখোমুখি হবে সিটি।