স্প্যানিশ ফুটবল
Published : 15 May 2026, 03:40 PM
রেয়াল ওবিয়েদোর বিপক্ষে শুরু থেকে খেলার সুযোগ না পাওয়ায় ভীষণ হতাশ কিলিয়ান এমবাপে। আলভারো আরবেলোয়ার রেয়াল মাদ্রিদে নিজেকে চতুর্থ পছন্দের ফরোয়ার্ড মনে করছেন ফরাসি তারকা। কোচের মন জয় করার জন্য আরও ভালো খেলার বিকল্প দেখছেন না তিনি।
লা লিগার ম্যাচে বৃহস্পতিবার ওবিয়েদোকে ২-০ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। ম্যাচটিতে শুরুর একাদশে চোট কাটিয়ে ফেরা এমবাপেকে রাখেননি আরবেলোয়া। ভিনিসিউস জুনিয়র ও গন্সালো গার্সিয়াকে দিয়ে ম্যাচ শুরু করেন তিনি।
হ্যামস্ট্রিংয়ের সমস্যায় আগের দুটি লিগ ম্যাচে খেলতে পারেননি এমবাপে। ওই দুই ম্যাচের একটি ছিল আবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে, যেখানে ২-০ গোলে হারে রেয়াল।
সেরে ওঠার ওই সময়ে সারদিনিয়ায় ভ্রমণ করেন এমবাপে। যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। ক্লাবের অনুমতি নিয়েই সেখানে যাওয়ার কথা অবশ্য বলেন তিনি।
ওবিয়েদোর বিপক্ষে যখন ৬৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এমবাপে, তাকে দুয়ো দেন রেয়াল মাদ্রিদের সমর্থকরাই। এবারের মৌসুমে আরও কয়েকবার এমন অভিজ্ঞতা হয়েছে তার।
ম্যাচ শেষে এমবাপে বলেন, শুরুর একাদশে থাকার জন্য সম্পূর্ণ ফিট ছিলেন তিনি। কিন্তু কোচের পছন্দের তালিকায় তার অবস্থান অনেক পরে।
“আমি শতভাগ ঠিক আছি। আমি খেলিনি কারণ কোচের কাছে আমি দলের চতুর্থ স্ট্রাইকার; মাস্তানতুয়োনো, ভিনি ও গন্সালোর পর। শুরুর একাদশে খেলার জন্য প্রস্তুত ছিলাম, এটা কোচের সিদ্ধান্ত এবং সেটাকে সবসময়ই সম্মান করতে হবে।”
“আরবেলোয়ার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। কোচের দর্শন মেনে নিতে হবে এবং ভিনি, গন্সালো ও মাস্তানতুয়োনোর আগে দলে জায়গা পেতে হলে আমাকে আরও ভালো খেলতে হবে।”
বার্সেলোনার বিপক্ষে স্কোয়াডেই ছিলেন না এমবাপে। আরবেলোয়া বলেন, ওবিয়েদোর বিপক্ষে এই ফরোয়ার্ডকে শুরুর একাদশে রাখার কোনো সুযোগই ছিল না তার। বিশ্বকাপ জয়ী ফুটবলারকে চতুর্থ পছন্দের ফরোয়ার্ড কিংবা এমন কিছু বলার কথা উড়িয়ে দেন তিনি।
“ম্যাচের আগে তার সঙ্গে কথা হয়েছে, তবে সে সেটি কীভাবে ব্যাখ্যা করেছে সেটা জানি না। আমার কাছে বিষয়টি খুব পরিষ্কার, যে খেলোয়াড় চার দিন আগে বার্সেলোনার বিপক্ষে বেঞ্চেও বসার মতো অবস্থায় ছিল না, আজ তাকে মূল একাদশে রাখা ঠিক হতো না। বিশেষ করে এটি যখন কোনো ফাইনাল বা বাঁচা-মরার ম্যাচ নয়।”
পরে আরবেলোয়া বলেন, আগামী রোববার সেভিয়ার বিপক্ষে রেয়াল মাদ্রিদের শুরুর একাদশে এমবাপেকে রাখবেন তিনি।