১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের ম‍্যাচে চোট পেয়েছেন গাব্রিয়েল

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, এই ডিফেন্ডারের অবস্থা পুরোপুরি বুঝতে পরীক্ষা-নিরীক্ষা করবেন চিকিৎসকরা।

ব্রাজিলের ম‍্যাচে চোট পেয়েছেন গাব্রিয়েল
সেনেগালের বিপক্ষে ম্যাচে কুঁচকিতে চোট পেয়ে মাঠে ছাড়েন গাব্রিয়েল মাগালিয়াইস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

রক্ষণভাগের গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারানোর শঙ্কা জেগেছে আর্সেনাল শিবিরে। সেনেগালের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম‍্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন গাব্রিয়েল মাগালিয়াইস।  

এমিরেটস স্টেডিয়ামে শনিবার ২-০ গোলে জয় পায় ব্রাজিল। ম‍্যাচ শেষ করতে পারেননি ২৭ বছর বয়সী ডিফেন্ডার গাব্রিয়েল। ৬৪তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। 

৫৯তম মিনিটে মাঠে শুয়ে পড়েন গাব্রিয়েল। ডান ঊরুতে কিছুক্ষণ চিকিৎসা নিলেও খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। পাঁচ মিনিট পর তাকে তুলে নেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।     

আর্সেনালের জন‍্য ভীষণ গুরুত্বপূর্ণ তিনি। রক্ষণভাগের বড় ভরসার একজন হয়ে উঠেছেন গাব্রিয়েল । ইংলিশ প্রিমিয়ার লিগে দলটি ১১ ম‍্যাচে কেবল ৫ গোল হজম করেছে। রক্ষণে এত দৃঢ়তা দেখানোয় বড় অবদান আছে গাব্রিয়েলের। 

আগামী ২৩ নভেম্বর প্রিমিয়ার লিগে টটেনহ‍্যাম হটস্পারের মুখোমুখি হবে আর্সেনাল। তিন দিন পর চ‍্যাম্পিয়ন্স লিগে তারা খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। 

সেনাগালের বিপক্ষে জয়ের পর গাব্রিয়েলের চোট নিয়ে এক প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। 

“খারাপ? আমি জানি না। সে অ‍্যাডাক্টরে চোট পেয়েছে।”